বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই গায়ককে আইনের আওতায় আনা হয়।
নোবেলের বিরুদ্ধে এক তরুণীকে নিজ স্টুডিওতে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ রয়েছে। মামলার নথিপত্র অনুযায়ী, ভুক্তভোগী ওই তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে নোবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।
তার অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোবেল তাকে একটি স্টুডিওতে একদিন আটকে রাখেন এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইকে দায়িত্ব দেয়।
এরপর পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই নুরুজ্জামান চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত মাইনুল আহসান নোবেলসহ মোট চারজন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ডেমরা থানা পুলিশকে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দেয়া হয়।
ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ গণমাধ্যমকে জানান, আদালতের পরোয়ানা পাওয়ার পর পুলিশ নোবেলকে গ্রেফতারে তৎপর হয়। সোমবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা সম্ভব হয়। বর্তমানে নোবেলকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।