শুভ-মিমের চোখ ধাঁধানো আইটেম গান ‘গুলগুলি পিঠা’

পুরো গানে মিমের উপস্থিতি যেমন গ্ল্যামার ছড়িয়েছে, তেমনি মাঝপথে রাফ অ্যান্ড টাফ লুকে শুভর এন্ট্রি গানটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। বড় পর্দার এই ধামাকা দেখে অনেক দর্শকই মন্তব্য করেছেন, এটি যেন কোনো তামিল সিনেমার চমৎকার ধাঁচে তৈরি কনটেন্ট

ঈদুল আজহার মুক্তির মিছিলে থাকা অন্যতম আলোচিত সিনেমা ‘মালিক’। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলারের সাফল্যের পর এবার ঈদের আমেজ আরো বাড়িয়ে দিতে মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম আইটেম গান ‘গুলগুলি পিঠা’।

গতকাল রাতে আরিফিন শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ভিডিও প্রকাশ করেন। প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় গানটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গানের শুরুতে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের আবেদনময়ী এক্সপ্রেশন ও ঝলমলে খয়েরি রঙের ফিউশন পোশাকে নাচ দর্শকদের দারুণ নজর কেড়েছে।

পুরো গানে মিমের উপস্থিতি যেমন গ্ল্যামার ছড়িয়েছে, তেমনি মাঝপথে রাফ অ্যান্ড টাফ লুকে শুভর এন্ট্রি গানটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। বড় পর্দার এই ধামাকা দেখে অনেক দর্শকই মন্তব্য করেছেন, এটি যেন কোনো তামিল সিনেমার চমৎকার ধাঁচে তৈরি কনটেন্ট।

উৎসবের আমেজ ধরে রাখা গানটির মিউজিক কম্পোজিশন করেছেন আদিত রহমান। লুৎফর হাসানের কথায় দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান।

সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করার সময় শুভ স্বভাবসুলভ রসিকতায় ক্যাপশনে লিখেছেন, ‘ঈদের গোশত তো খাইবেনই... আগে “গুলগুলি পিঠা” ট্রাই করেন। “মালিক” আইতাছে ঈদে।’

দীর্ঘদিন পর পর্দায় এত বড় পরিসরের কোনো আইটেম ড্যান্সে মিমের এই জমকালো পারফরম্যান্স এবং শুভ-মিম জুটির পুরনো রসায়ন নতুনভাবে দেখতে দর্শক এখন মুখিয়ে আছেন।

আরও