কীর্তির নতুন সিনেমা নিয়ে গুঞ্জন

ভারতের সিনেমায় অভিনেত্রীদের মধ্যে কীর্তি সুরেশ আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন।

দক্ষিণের অভিনেত্রী হলেও তিনি হিন্দিতেও অভিনয় করেছেন। সিনেমাতেও আছে বৈচিত্র্য। বাণিজ্যিক ও ভিন্ন ধারার চলচ্চিত্রে তাকে পাওয়া গেছে। পেয়েছেন জাতীয় পুরস্কারও। সব মিলিয়ে ভারতীয় ইন্ডাস্ট্রির অনেকগুলো ভাষার চলচ্চিত্রে তাকে দেখা গেছে। সম্প্রতি জানা গেল, তিনি নতুন একটি সিনেমার কাজ নিয়ে এগোচ্ছেন। এটি রোমান্টিক গল্পের আবহে একটি থ্রিলার।

ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে বিষয়টি নিয়ে। ইন্ডাস্ট্রির একটি সূত্র জানিয়েছে, একটি বড় বাজেটের রোমান্স-থ্রিলার ছবির জন্য একজন শীর্ষস্থানীয় নির্মাতার সঙ্গে বর্তমানে কীর্তি সুরেশের আলোচনা চলছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। তবে ইন্ডাস্ট্রির চলমান গুঞ্জন বলছে, সাম্প্রতিক একের পর এক প্রকল্পের পর এটি তার ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

জানা গেছে, সম্ভাব্য এ সিনেমা বড় পরিসরে নির্মিত হবে এবং এর মাধ্যমে কীর্তি এমন একটি ঘরানায় কাজ করার সুযোগ পেতে পারেন, যেখানে তাকে আগে খুব বেশি দেখা যায়নি।

ইমোশনাল ড্রামা, রোমান্টিক গল্প এবং বাণিজ্যিক সিনেমায় কাজ করার অভিজ্ঞতা বিবেচনায় নিলে বলা যায়, রোমান্স-থ্রিলারের মতো একটি ঘরানায় কীর্তি বেশ স্বচ্ছন্দভাবেই নিজেকে মেলে ধরতে পারবেন। কারণ এ ধরনের গল্পে যেমন তীব্রতা প্রয়োজন, তেমনি আবেগের গভীরতাও গুরুত্বপূর্ণ।

যদিও প্রকল্পটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু এ জল্পনা এরই মধ্যে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তারা এখন আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, কীর্তি সুরেশ পরবর্তী সময়ে কোন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন।

সূত্র: বলিউড হাঙ্গামা

আরও