দীর্ঘ দুই যুগ পর আবারো রক সংগীতের উচ্ছ্বাসে মুখর হতে যাচ্ছে জামালপুর। আগামী ১৯ নভেম্বর জেলা অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘জামালপুর রক ফেস্ট ২০২৫’।
ফেস্টে মঞ্চ মাতাবেন সাইফ শুভ ও ব্যান্ড লালন। আয়োজকদের মতে, জেলা পর্যায়ে এত বড় আয়োজন স্থানীয় সংগীতপ্রেমীদের মাঝে নতুন প্রাণসঞ্চার ঘটাবে।
সাইফ শুভ বলেন, জামালপুরের মাটিতে এত বড় আয়োজনের অংশ হতে পারা আমার জন্য আনন্দের ও গর্বের। স্থানীয় তরুণদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ব্যান্ড লালন জানিয়েছে, তারা তাদের কালজয়ী গান ও দর্শনসমৃদ্ধ পরিবেশনা দিয়ে ফেস্টে ভিন্নমাত্রা যোগ করবে। এছাড়াও অংশ নেবে ব্যান্ড সময়, মেটাল ইরর, ব্লাক সোল্ডার্স ও রাফি।
আয়োজক কমিটির ভাষ্য, এই রক ফেস্টের উদ্দেশ্য শুধু বিনোদন নয়; বরং তরুণদের সৃষ্টিশীল সংগীতচর্চা উৎসাহিত করা এবং জামালপুরের সংগীত ঐতিহ্য পুনরুজ্জীবিত করা।
দিনব্যাপী এই রক উৎসবে স্থানীয় শিল্পী ও তরুণ ব্যান্ডগুলোকেও পারফর্মের সুযোগ দেয়া হবে। ইতোমধ্যেই ফেস্ট ঘিরে জামালপুরজুড়ে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।