সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী এবার শ্রোতাদের জন্য নিয়ে এলেন তার নতুন একক গান ‘তুমিহীনা’। ১০ ডিসেম্বর গানটি মুক্তি পেয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে। একই সঙ্গে গানটি এখন শোনা যাচ্ছে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশী–বিদেশী বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও।
গানটির কথা লিখেছেন নদী নিজেই। তাকে সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা। সুর করেছেন নদী ও হৃদয় হাসিন; মিউজিক অ্যারেঞ্জমেন্টেও ছিলেন হৃদয় হাসিন। রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান। গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ, যেখানে মডেল হিসেবে ছিলেন শিল্পী নিজেই।
নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নদী বলেন, গানটি তার কাছে বিশেষ কিছু। তিনি জানান, অনেক সময় শিল্পীরা নিজেদের মতো করে কাজ করার সুযোগ পান না। কিন্তু ‘তুমিহীনা’তে কথা, সুর, মিউজিক থেকে শুরু করে ভিডিও নির্মাণ—সবকিছুতেই তিনি নিজের অনুভব ও পছন্দকে প্রাধান্য দিয়েছেন। নিজের মনের মতো একটি গান তৈরি করতে পেরে তিনি আনন্দিত।
গানটির ধরন সম্পর্কে নদী বলেন, ‘তুমিহীনা’ একটু ভিন্ন ঘরানার। এটি সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে, তবু এটি তার ব্যক্তিত্ব ও সংগীত ভাবনার সঙ্গে মিল রেখেই তৈরি। তিনি বলেন, শ্রোতাদের ভালোবাসাই শিল্পীর আসল প্রেরণা। নতুন গানটিও শ্রোতারা সাদরে গ্রহণ করবেন বলে তাঁর আশা।
এর আগে নদীর গাওয়া জলছায়া, নিঃশ্বাস, রঙিলা আকাশ, অচিনপুর, মুগ্ধতা, আমারতো কেউ নেই তুমি ছাড়া, দেশি গার্ল, হারানো যাবে না, কথা দিলাম, তোমাকে দেব না হারাতে—এসব গান পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। পাশাপাশি পোড়ামন ২ সিনেমার সুতো কাটা ঘুড়ি গানেও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।