গাজায় চিকিৎসা ব্যবস্থার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার না করার সিদ্ধান্ত জানিয়েছিল ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সেই চলচ্চিত্র যুক্তরাজ্যে জিতে দিল বাফটা পুরস্কার।
পরবর্তীতে চ্যানেল ফোরে সম্প্রচার হওয়া প্রামাণ্যচিত্র ‘গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক’ কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে জেতেছে বাফটা টিভি অ্যাওয়ার্ড।
গত রোববার লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বিবিসির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন নির্মাতারা। প্রায় এক বছর আগে তথ্যচিত্রটি সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয় গণমাধ্যমটি।
পুরস্কার হাতে নিয়ে ‘গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক’-এর নির্বাহী প্রযোজক বেন দে পিয়ার বলেন, ‘শেষে বিবিসি-কে শুধু একটা প্রশ্ন—আপনারা ফিল্মটি বাদ দিয়েছিলেন, তাহলে কি আজ রাতে বাফটা সম্প্রচারে আমাদের অংশও বাদ দেবেন?’
তথ্যচিত্রটির প্রেজেন্টার সাংবাদিক রমিতা নাভাইও ব্রিটিশ গণমাধ্যমটির সমালোচনা করেন।
তিনি জানান, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর আক্রমণ নিয়ে তথ্যচিত্রটি অনুসন্ধান করে। বিবিসি এতে অর্থায়ন করেও দেখাতে অস্বীকৃতি জানিয়েছে। নাভাই বলেন, ‘কিন্তু আমরা নীরব বা সেন্সরড হব না। আমাদের ফিল্মটি দেখানোর জন্য চ্যানেল ফোর-কে ধন্যবাদ।’
নাভাই আরো বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় ১ হাজার ৭০০-এর বেশি ফিলিস্তিনি ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং ৪০০-এর বেশি আটক হয়েছেন। পুরস্কারটি ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের উৎসর্গ করেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি টিভি সম্প্রচারে নাভাইয়ের বক্তব্যের কিছু অংশ তাদের কমপ্লায়েন্স টিমের সঙ্গে পরামর্শের পর কেটে দেয়।
প্রথমে স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান বেসমেন্ট ফিল্মের মাধ্যমে তথ্যচিত্রটি কমিশন করেছিল বিবিসি। তবে পরে আরেকটি গাজা-সংক্রান্ত ডকুমেন্টারি নিয়ে পর্যালোচনার কারণে এর সম্প্রচার বিলম্বিত হয়।
পরবর্তীতে বিবিসি তথ্যচিত্রটি সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়, বলেছিল এটি ‘পক্ষপাতের ধারণা তৈরি করতে পারে, যা বিবিসির দর্শকদের প্রত্যাশিত উচ্চ মান পূরণ করবে না।’
সংস্থাটি আরো জানায়, নিরপেক্ষতা বিবিসি নিউজের একটি মৌলিক নীতি। এর পর গত জুলাইয়ে চ্যানেল ফোর তথ্যচিত্রটি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রচার করে।
আল জাজিরা অবলম্বনে