পাঁচ বছর আগে মারা যান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যু নিয়ে নানা ধারণা দেয়া হলেও এর কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে এবার মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিনেতা আত্মহত্যা করেছিলেন।
শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতে মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। সেখানে তারা জানায়, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন। প্রাথমিকভাবে তার মৃত্যু আত্মহত্যা হিসেবে ধরা হয়েছিল। কিন্তু অনেকের ধারণা ছিল, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তবে সিবিআইয়ের তদন্তে আত্মহত্যা ছাড়া অন্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সিবিআইয়ের এক কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, বান্দ্রা আদালতে সিবিআই চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্তে আত্মহত্যা ছাড়া অন্য কোনো প্রমাণ মেলেনি।
তবে কী কারণে বা কীসের ভিত্তিতে তদন্তের ইতি টানা হলো, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি সিবিআই কর্মকর্তা। কারণ আত্মহত্যার পক্ষে কোনো শক্ত প্রমাণও পাওয়া যায়নি।
সিবিআইর চূড়ান্ত রিপোর্টে সব তথ্য ও সাক্ষীদের নাম অন্তর্ভুক্ত করেছে। আগামী ৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর সাতদিন আগে মারা গিয়েছিলেন তার অফিস সহায়ক দিশা সালিয়ান। মেয়ের মৃত্যুর রহস্য উদঘাটন করতে নতুন করে তদন্ত চেয়ে সম্প্রতি বোম্বে হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন দিশার বাবা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস