জে কে রাউলিংয়ের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হ্যারি পটার’ নিয়ে এইচবিওর আসন্ন টিভি সিরিজটি সিনেমার তুলনায় দর্শকদের কাছে বেশি তৃপ্তিদায়ক হতে পারে। এমনটা মনে করছেন গ্যারি ওল্ডম্যান। চারটি ‘হ্যারি পটার’ সিনেমায় সিরিয়াস ব্ল্যাক চরিত্রে অভিনয় করা ব্রিটিশ এ অভিনেতার মতে, সিনেমায় মূল বইয়ের অনেক অংশ বাদ দিতে হয়েছিল। বিপরীতে এইচবিওর সিরিজে বইয়ের অনেক বেশি বিষয়বস্তু রাখা হচ্ছে। ফলে দর্শকদের জন্য সিরিজটি আরো উপভোগ্য হতে পারে।
সম্প্রতি এন্টারটেইনমেন্ট উইকলিকে দেয়া সাক্ষাৎকারে ওল্ডম্যান বলেন, সিনেমায় অনেক কিছু বাদ দিতে হয়েছিল। এরপরও প্রতিটি সিনেমার দৈর্ঘ্য প্রায় তিন ঘণ্টায় নামিয়ে আনতে হয়েছিল। এর ফলে চরিত্রগুলোর অনেক বিস্তারিতও বাদ পড়ে যায়।
ওল্ডম্যান বলেন, ‘আমাদের অনেক কিছু বাদ দিতে হয়েছিল। এরপরও সিনেমাগুলোর দৈর্ঘ্য প্রায় তিন ঘণ্টায় নামিয়ে আনতে পেরেছিলাম। এ প্রক্রিয়ায় চরিত্রগুলোর অনেক বিস্তারিত বিসর্জন দিতে হয়েছে। আমার বিশ্বাস, এইচবিওর সিরিজে মূল বইয়ের প্রায় প্রতিটি বিষয়ই রাখা হবে। একজন দর্শক হিসেবে আমার মনে হয়, সেটি আরো তৃপ্তিদায়ক হবে।’
সিরিয়াস ব্ল্যাক চরিত্রটি ওল্ডম্যানের পছন্দের হলেও সিনেমায় চরিত্রটি পর্যাপ্ত সময় পায়নি বলেও এর আগে মন্তব্য করেছিলেন তিনি। ২০২৪ সালে ইন্ডিওয়্যারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সিরিয়াস ব্ল্যাককে যথেষ্ট সময় দেয়া হয়নি। চরিত্রটি এল, তারপর পর্দার আড়ালে চলে গেল।’
২০০৪ সালের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’ সিনেমায় প্রথমবার সিরিয়াস ব্ল্যাক চরিত্রে দেখা যায় ওল্ডম্যানকে। এরপর ‘গবলেট অব ফায়ার’ ও ‘ডেথলি হ্যালোজ পার্ট ২’-তে চরিত্রটি ছিল সংক্ষিপ্ত উপস্থিতিতে। ‘অর্ডার অব দ্য ফিনিক্স’-এও তার উপস্থিতি ছিল অল্প সময়ের জন্য। শেষ পর্যন্ত গল্পে চরিত্রটি মারা যায়।
তবে ‘হ্যারি পটার’ সিনেমার অংশ হতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ বলেও জানিয়েছেন ওল্ডম্যান। তিনি বলেন, ‘এটি এমন একটি ঘটনা, এর মতো কিছুতে আর কখনো দেখা যাবে বলে আমি মনে করি না।’
সিনেমাগুলোর শুরুর দিকের কলাকুশলীদের কথাও স্মরণ করেন তিনি। বিশেষ করে পরিচালক ক্রিস কলম্বাসের প্রশংসা করে ওল্ডম্যান বলেন, তিনি পুরো জগতটি তৈরি করেছিলেন এবং অভিনয়শিল্পীদের নির্বাচন করেছিলেন। একই অভিনয়শিল্পীদের বারবার ফিরিয়ে এনে চরিত্রগুলোর সঙ্গে তাদের বেড়ে ওঠার সুযোগ তৈরি হওয়াটাকেও সৌভাগ্যের বিষয় হিসেবে দেখেন তিনি।
গ্যারি ওল্ডম্যান। ছবি: রয়টার্স
এদিকে অ্যাপল টিভি প্লাসের ‘স্লো হর্সেস’-এর ষষ্ঠ মৌসুমে দেখা যাবে ওল্ডম্যানকে। আগামী ১৬ সেপ্টেম্বর সিরিজটির নতুন মৌসুমের প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।
এইচবিওর ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম মৌসুমের কাজ শেষ হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর এইচবিও ও এইচবিও ম্যাক্সে এর প্রিমিয়ার হবে। রাউলিংয়ের ফ্যান্টাসি সিরিজের দ্বিতীয় বই অবলম্বনে দ্বিতীয় মৌসুমের কাজও শুরু হওয়ার প্রস্তুতি চলছে লন্ডনের বাইরে লিভসডেন স্টুডিওতে।
তবে সিরিজে সিরিয়াস ব্ল্যাক চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো ঘোষণা করেনি এইচবিও। সিরিজের প্রধান চরিত্র হ্যারি পটারে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন। হারমায়োনি গ্রেঞ্জারে আরাবেলা স্ট্যানটন এবং রন উইজলিতে অ্যালাস্টেয়ার স্টাউট। এছাড়া আলবাস ডাম্বলডোর চরিত্রে জন লিথগো, মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার, সেভেরাস স্নেপ চরিত্রে পাপা এসিয়েদু, রুবিয়াস হ্যাগ্রিড চরিত্রে নিক ফ্রস্ট, নেভিল লংবটম চরিত্রে ররি উইলমট এবং ড্রাকো ম্যালফয় চরিত্রে লক্স প্র্যাট অভিনয় করছেন।
এর আগে সিরিয়াস ব্ল্যাক চরিত্রে নিজের অভিনয়কে ‘মাঝারি মানের’ বলেছিলেন ওল্ডম্যান। পরে তিনি স্পষ্ট করে বলেন, ‘হ্যারি পটার’, এর সিনেমা কিংবা সিরিয়াস ব্ল্যাক চরিত্রের ভক্তদের অসম্মান করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
২০২৪ সালে ভ্যারাইটিকে তিনি বলেন, ‘যেকোনো শিল্পী বা অভিনেতা কিংবা চিত্রশিল্পীর মতো আপনিও নিজের কাজ নিয়ে সবসময় অতিরিক্ত সমালোচনামুখর থাকেন। তা না হলে এবং নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকলে, সেটি আমার কাছে মৃত্যুর মতো। নিজের কোনো অভিনয় দেখে যদি মনে হয়, “হে খোদা, আমি দারুণ করেছি”, সেটি আমার জন্য দুঃখের দিন হবে।’