সিনেমা দেখার চেয়ে বই পড়তে বেশি ভালোবাসেন আমির খান

‘নিজের জগতে বসবাস করি’ উল্লেখ করে আমির জানান, তিনি এখনো সিনেমা দেখেন না, হলিউডে কী হচ্ছে তাও জানেন না

ফিল্মি পরিবারে বড় হওয়া আমির খান সম্প্রতি জানান, খুব কম সিনেমা দেখেন তিনি। বরং বই পড়তে বেশি ভালোবাসেন। বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত এ তারকা ছোটবেলা থেকেই নাকি এমন।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে আমির খান জানান, তিনি একটি রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। সিনেমা দেখার ব্যাপারে তার বাবা-মা খুবই কড়া ছিলেন। বিশেষ করে রোমান্টিক সিনেমা দেখার অনুমতি দেয়া হত না।

‘নিজের জগতে বসবাস করি’ উল্লেখ করে আমির জানান, তিনি এখনো সিনেমা দেখেন না, হলিউডে কী হচ্ছে তাও জানেন না।

সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এমন। আমি বরাবরই একজন পাঠক। আমি সারাক্ষণ শুধু সাদাকালো ছবি, অথবা দূরদর্শনে দেখানো খুব পুরোনো ছবি দেখতাম। সেই সময় আমি খুব রক্ষণশীল একটি পরিবারে বড় হয়েছি। আর আমার বাবা-মা সিনেমা দেখার ব্যাপারে খুব কড়া ছিলেন। আমাদের সিনেমা দেখার অনুমতি ছিল না।’

তিনি বলেন, ‘আমার মনে আছে, সেই সময় আমি যদি মাকে জিজ্ঞাসা করতাম যে আমি একটা সিনেমা দেখতে পারি কিনা, তিনি হ্যাঁ বলতেন, কিন্তু রোমান্টিক সিনেমা দেখার অনুমতি ছিল না।’

আমির খান আরো জানান, শুধু শনি ও রবিবারে সিনেমা দেখতেন, বিশেষ করে পুরনো দিনের ছবিগুলো। যার বেশির ভাগই আঞ্চলিক সিনেমা এবং অশোক কুমার ও দিলীপ কুমার অভিনীত ছবি।

আমির খান জানান, তিনি এখনো মাঝে মাঝে সিনেমা দেখেন। তিনি বলেন, ‘আমি ১৮ বছর বয়সে ছবির কাজ শুরু করি। আমি সহকারী হিসেবে কাজ শুরু করেছিলাম। আমি উপদেশমূলক কথা বলতে চাই না, তবে আমি মজা করে বলি যে কিছু লোকে ফুটবল খেলে আর কিছু লোক ফুটবল দেখে। এটা বলার একটা সুন্দর ভঙ্গি। আমি সিনেমা বানাই, আমি খুব কমই সিনেমা দেখি। তাই আমি নতুন সিনেমাগুলো দেখি না।’

আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পার’ সিনেমায়। নতুন কোনো সিনেমার অভিনয়ের ঘোষণা না দিলেও মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতা প্রযোজিত ‘এক দিন’ ও ‘লাহোর ১৯৪৭’।

আরও