অভিনেতা ম্যাথু পেরি মারা গেছেন ২০২৩ সালের ২৮ অক্টোবর। তিন বছর পেরিয়ে গেলেও ভক্তদের মন থেকে মুছে যাননি। পেরিকে নিয়ে প্রতিদিনই আলোচনা হয় কোথাও না কোথাও। এবার অভিনেতাকে নিয়ে একটি ডকু সিরিজ নির্মাণ করা হচ্ছে। তার মৃত্যুর তিন বছর পর মুক্তি পাবে তিন পর্বের সিরিজটি। ‘দ্য ওয়ান অ্যাবাউট ম্যাথিউ পেরি’ নামের সিরিজটি ২৭ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
পেরির নিকটজনদের অনেকে সিরিজে পেরি সম্পর্কে কথা বলেছেন, স্মৃতিচারণ করেছেন। তার বোন মিয়া পেরি বোনউইক তাদের অন্যতম। পেরি পরিবারের আর্কাইভে থাকা আগে প্রকাশ হয়নি এমন ছবি ও ভিডিও থাকবে সিরিজে। নেটফ্লিক্সের বিবরণ অনুযায়ী, সিরিজটি একজন উদীয়মান কমেডি তারকা থেকে এমন এক মানুষ হয়ে ওঠার যাত্রা অনুসরণ করবে, যাকে এখনো বিশ্ব তার প্রিয় ‘ফ্রেন্ড’ হিসেবে ভালোবাসে।
একই সঙ্গে সিরিজে পেরির ব্যক্তিগত সংগ্রামের নানা অকপট তথ্য তুলে ধরা হবে এবং ‘সততা ও অধিকার আদায়ের পক্ষে সোচ্চার থাকার যে উত্তরাধিকার’ তিনি রেখে গেছেন, সেটিও অনুসন্ধান করা হবে।
‘ফ্রেন্ডস’-এর মূল কাস্টের কেউ এ ডকু সিরিজে থাকছেন কিনা, তা এখনো জানা যায়নি। তবে নেটফ্লিক্স জানিয়েছে, এতে পেরির ‘সারা জীবনের ঘনিষ্ঠ বন্ধু’ এবং ‘সৃজনশীল সহকর্মীদের’ অংশগ্রহণ রয়েছে।
‘কোয়ায়েট অন সেট: দ্য ডার্ক সাইড অব কিডস টিভি’ পরিচালনা এবং ‘ফ্রেমিং ব্রিটনি স্পিয়ার্স’ প্রযোজনার জন্য পরিচিত মেরি রবার্টসন ‘দ্য ওয়ান অ্যাবাউট ম্যাথিউ পেরি’ পরিচালনা করেছেন। পাশাপাশি সনি পিকচার্স টেলিভিশনের অধীনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাক্সিন প্রডাকশনের ব্যানারে তিনি সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করেছেন। নির্বাহী প্রযোজকদের তালিকায় আরো রয়েছেন লিসা কালিকো, এলি হোলজম্যান ও অ্যারন সাইডম্যান। লোরা মোফতাহ সহনির্বাহী প্রযোজক এবং জেসিকা কল প্রযোজক হিসেবে যুক্ত আছেন।
সূত্র: নেটফ্লিক্স