বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
ঢাকার তত্কালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেয়া সেই ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশেষ আয়োজনে সেজেছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালা।
বিটিভির পরিচালক জগদীশ এষ (অনুষ্ঠান ও পরিকল্পনা) বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অমর মহাকাব্যে পরিণত হয়েছে। ভাষণটি বাঙালি জাতির গণ্ডি পেরিয়ে এখন বৈশ্বিক সম্পদে রূপান্তরিত হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই ৭ মার্চের গুরুত্ব অপরিসীম। বিটিভি দিনটিকে ঘিরে বিশেষ আয়োজনে সাজিয়েছে।’
জানা গেছে, আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে ‘ঐতিহাসিক ৭ মার্চ ২০২২’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ওপর আয়োজিত শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মুক্তির সংগ্রাম’
প্রচারিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। বঙ্গবন্ধুর ভাষণের ওপর অনুষ্ঠান ‘বজ্রকণ্ঠ’
প্রচারিত হবে দুপুর ১২টা ২০ মিনিটে। প্রামাণ্য অনুষ্ঠান ‘টুঙ্গিপাড়া থেকে সোহরাওয়ার্দী উদ্যান’
প্রচারিত হবে বেলা ১টা ০৫ মিনিটে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে বেলা ৩টায়। নূরুল হুদার উপস্থাপনায় ৭ মার্চের কবিতা নিয়ে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘স্বাধীনতার পঙিক্তমালা’
প্রচারিত হবে বেলা ৩টা ২৫ মিনিটে। বঙ্গবন্ধুর ভাষণের ব্যাখ্যা নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘প্রতিধ্বনি’
প্রচারিত হবে রাত ৮টা ৪০ মিনিটে। ঐতিহাসিক ভাষণের ধারণ কার্যক্রম এবং সংরক্ষণে বেতার, বাংলাদেশ টেলিভিশন ও ডিএফপির ভূমিকা নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচারিত হবে রাত ৯টা ০৫ মিনিটে।
রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ৭ মার্চের কবিতা নিয়ে বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠান ‘অগ্নিঝরা কণ্ঠস্বর’। রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের উপস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রচারিত হবে রাত ১১টায়।
এছাড়া বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বেলা ২টার সংবাদের পর ও রাত ৯টায় প্রচারিত হবে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর দেশের বিভিন্ন হাইস্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাট্যশিল্পী সুজাত শিমুল।