বলিউডে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন রণবীর সিং। জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ডন থ্রি’থেকে সরে দাঁড়ানোর পর তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বলিউডের অন্যতম বৃহৎ সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) তার সঙ্গে কাজ না করার নির্দেশনা দিয়েছে।
কী ঘটেছে?
গত সোমবার এফডব্লিউআইসিইর এক ঘোষণায় বলা হয়, তাদের সদস্যরা আপাতত রণবীর সিংয়ের সঙ্গে কাজ করবেন না। সংগঠনটির দাবি, ‘ডন থ্রি’ ছবির কাজ দীর্ঘদিন ধরে চলছিল এবং শুটিং শুরুর ঠিক আগে অভিনেতার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
প্রথমে অভিযোগটি তোলেন ছবিটির নির্মাতা ফারহান আখতার ও তার সহযোগী রীতেশ সিদ্ধওয়ানি। তারা বিষয়টি নিয়ে ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-এ লিখিত অভিযোগ দেন। পরে তদন্তের দায়িত্ব এফডব্লিউআইসিইর কাছে হস্তান্তর করা হয়।
কতটা ক্ষতির দাবি?
এক্সেল এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ছবিটির প্রি-প্রোডাকশনেই প্রায় ৪৫ কোটি রুপি খরচ হয়েছে। এর মধ্যে বিদেশ যাত্রা, লোকেশন বুকিং, হোটেল খরচসহ দুই শতাধিক কর্মীর বিভিন্ন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।
এফডব্লিউআইসিইর প্রধান পরামর্শক অশোক পণ্ডিত দাবি করেন, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে রণবীর সিং প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। তার ভাষায়, পুরো খরচের হিসাব অডিটের আওতায় রয়েছে এবং ‘কোনো কিছুই বানানো নয়।’
এদিকে প্রযোজনা সংস্থা রণবীর সিংয়ের কাছে ক্ষতিপূরণও দাবি করেছে বলে জানা গেছে।
কেন ছবিটি ছাড়লেন রণবীর?
এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবির চিত্রনাট্য নিয়ে অসন্তুষ্ট ছিলেন রণবীর সিং।
অন্যদিকে অভিনেতার পক্ষ থেকে অভিযোগ ওঠে, প্রথমদিকে নাকি হৃতিক রোশনকে ছবির জন্য ভাবা হয়েছিল। পরে রণবীরের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’ সফল হওয়ার পর সিদ্ধান্ত বদলানো হয়।
যদিও হৃতিক রোশন প্রকাশ্যে জানিয়েছেন, ‘ডন থ্রি’ নিয়ে তার সঙ্গে কখনো যোগাযোগই করা হয়নি। তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ করেন গুজব না ছড়াতে।
কেন চুপ রণবীর সিং?
বিতর্ক বাড়লেও দীর্ঘ সময় নীরব ছিলেন রণবীর সিং। পরে তার মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়, অভিনেতা পুরো ইন্ডাস্ট্রি এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সবাইকে সম্মান করেন। তিনি বিশ্বাস করেন, পেশাদার আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক ‘মর্যাদা, পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার’ সঙ্গে পরিচালিত হওয়া উচিত।
বিবৃতিতে আরো বলা হয়, অযথা জল্পনা বাড়াতে চাননি বলেই তিনি প্রকাশ্যে কিছু বলেননি। বরং নিজের কাজ ও ভবিষ্যৎ দায়িত্বের প্রতিই মনোযোগী থাকতে চেয়েছেন।
এফডব্লিউআইসিইর অবস্থান
এফডব্লিউআইসিই সভাপতি বিএন তিওয়ারি জানিয়েছেন, রণবীর সিংকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছিল। তবে ১০ দিনের মধ্যে তিনবার ডাকার পরও তিনি কোনো জবাব দেননি।
তার বক্তব্য, ‘আমরা ইন্ডাস্ট্রিকে বার্তা দিতে চাই— কোনো সুপারস্টারই আইনের ঊর্ধ্বে নন। যতদিন না তিনি আমাদের সঙ্গে দেখা করছেন, আমরা তার সঙ্গে সহযোগিতা করব না।’
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির ইতিহাস
‘ডন’ প্রথম মুক্তি পায় ১৯৭৮ সালে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।
পরে ২০০৬ সালে ফারহান আখতার ছবিটির রিমেক নির্মাণ করেন, প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান। এরপর ২০১১ সালে আসে ‘ডন ট্’।
২০২৩ সালে ঘোষণা করা হয় যে, নতুন যুগের সূচনা হিসেবে ‘ডন থ্রি’-তে দেখা যাবে রণবীর সিংকে। কিন্তু শুটিং শুরু হওয়ার আগেই সেই পরিকল্পনা এখন বড় বিতর্কে পরিণত হয়েছে।
বিবিসি অবলম্বনে