দেশ-বিদেশের দুই উৎসবে ‘‌প্রিয় সত্যজিৎ’

আগামীকাল ভারতে পর্দা উঠছে ‘‌জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। এবারের আসরে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র ‘‌প্রিয় সত্যজিৎ’।

আগামীকাল ভারতে পর্দা উঠছে ‘‌জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। এবারের আসরে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র ‘‌প্রিয় সত্যজিৎ’। সিনেমাটি পরিচালনা করেছেন প্রসূন রহমান। শনিবার চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হবে। এছাড়া ‘‌ওয়ার্ল্ড সিনেমা টুডে’, ‘‌ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকিং’ ও ‘‌ট্রিবিউট-টু-রে’ বিষয়ে কয়েকটি প্যানেল আলোচনার জন্য এ উৎসবে আমন্ত্রণ পেয়েছেন প্রসূন রহমান।‌ ১০ ডিসেম্বর পর্দা নামতে যাচ্ছে জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালের। এবারের আসরে পশ্চিম বঙ্গের নির্মাতা অপর্ণা সেনকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হবে। এদিকে আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা লিট ফেস্ট’। চার দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিন প্রিয় সত্যজিৎ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে বিকাল ৫টা ৩০ মিনিটে। এটি বাংলা একাডেমির নভেরা মিলনায়তনে প্রদর্শিত হবে, যেখানে উপস্থিত থাকবেন নির্মাতা।

এ নিয়ে প্রসূন রহমান বণিক বার্তাকে বলেন, ‘‌কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের পর এই প্রথম ঢাকায় প্রিয় সত্যজিৎয়ের প্রদর্শনী হতে যাচ্ছে। শুরুটা ঢাকা লিট ফেস্টের মাধ্যমে হওয়ায় আমি সত্যিই আনন্দিত ও উৎসাহিত বোধ‌ করছি। লিট ফেস্টে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। ২০১৯ সালের উৎসব আয়োজনে নন্দিতা দাস পরিচালিত মান্টো চলচ্চিত্রটি আমাদের বড় পর্দায় দেখবার সুযোগ হয়েছিল। সৃজনশীল চলচ্চিত্র প্রদর্শনকে লিট ফেস্টের সঙ্গে যুক্ত করার বিষয়টি সত্যিই বিশেষ গুরুত্ব বহন করে বলে আমি বিশ্বাস করি। সাহিত্য ও চলচ্চিত্রের মাঝে যে আন্তঃসম্পর্ক বিদ্যমান বা চলচ্চিত্রে সাহিত্যের যে অন্তর্ভুক্তি অথবা সাহিত্য থেকে চলচ্চিত্রে রূপান্তরের যে সৃজনশীল প্রক্রিয়া তার রসসিক্ত যৌথ প্রবাহ সব দিকেই আমাদের আলো ফেলবার সুযোগ করে দেয়।’

চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এ সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল, মৌটুসী বিশ্বাসসহ আরো অনেকে।

এর আগে কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও কেরালা চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। 

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ট্রিবিউট ফিল্ম প্রিয় সত্যজিৎ নির্মাণ করেছেন প্রসূন রহমান। এপ্রিলে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। গত ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে তা পেছানো হয়। তার প্রয়াণ দিবস গত ২৩ এপ্রিলে সিনেমার দুটি পোস্টার মুক্তি দেয়া হয়েছিল, যেগুলো বেশ প্রশংসা পেয়েছে সত্যজিৎ ভক্তদের।

আরও