শাকিরার ফ্রি কনসার্টের আর্থিক প্রভাব ১৬ কোটি ডলারের বেশি

রিওর এই বিখ্যাত সমুদ্রতট এখন বড় কনসার্ট আয়োজনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোয় কোপাকাবানা প্যালেস হোটেলের সামনে পারফর্ম করেছেন ম্যাডোনা ও লেডি গাগার মতো বিশ্বখ্যাত পপ তারকারা

ব্রাজিলের রিও ডি জেনেরোর কোপাকাবানা বিচে শাকিরার কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন প্রায় ২০ লাখ মানুষ। গত শনিবারের ওই আয়োজন সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করেছেন তারা। এতে শহরের অর্থনীতিতে বড় ধরনের গতি সঞ্চার হয়েছে, যার প্রভাব ১৬ কোটি ডলারেরও বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

শহর কর্তৃপক্ষ রোববার ভোরে জানায়, এটি কলম্বিয়ান এই পপ তারকার ক্যারিয়ারের সবচেয়ে বড় শো।

রিওর এই বিখ্যাত সমুদ্রতট এখন বড় কনসার্ট আয়োজনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোয় কোপাকাবানা প্যালেস হোটেলের সামনে পারফর্ম করেছেন ম্যাডোনা ও লেডি গাগার মতো বিশ্বখ্যাত পপ তারকারা।

এ ধরনের আয়োজন এখন শহরের ‘টোডো মুন্ডো নো রিও’ উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, যার লক্ষ্য মে মাসজুড়ে পর্যটক আকর্ষণ ও আন্তর্জাতিক মনোযোগ বাড়ানো।

কনসার্টের শুরুতে ড্রোন শোতে সৈকতের আকাশে ভেসে ওঠে একটি নেকড়ের প্রতিচ্ছবি, যা শাকিরার সঙ্গে যুক্ত একটি প্রতীক। পরে তিনি পর্তুগিজ ভাষায় দর্শকদের উদ্দেশে বলেন, ‘ব্রাজিল, আমি তোমাদের ভালোবাসি। লাখো মানুষের একসঙ্গে গান গাওয়া, অনুভব করা আর নাচার এই দৃশ্য সত্যিই জাদুকরী।’

তিনি পরিবেশন করেন জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’, ‘আনটোলোগিয়া’ এবং ২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা)। মঞ্চে তার সঙ্গে যোগ দেন ব্রাজিলের তারকা অ্যানিটা, কাইতানো ভেলোসো, মারিয়া বেথানিয়া এবং ইভেতে সাঙ্গালো।

শহর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এই কনসার্ট থেকে রিওর অর্থনীতিতে প্রায় ৮০ কোটি রিয়াল বা ১৬ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার লেনদেন হয়েছে। এতে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও খুচরা ব্যবসা খাত উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে।

রিও কর্তৃপক্ষ জানিয়েছে, ‘টোডো মুন্ডো নো রিও’ উৎসব অন্তত ২০২৮ সাল পর্যন্ত শহরের সরকারি ইভেন্ট ক্যালেন্ডারে থাকবে।

আরও