মাইলফলক

উত্তর আমেরিকায় চার লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

কমস্কোর ও সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর তথ্যানুযায়ী, গত রোববার পর্যন্ত ১৭ দিনে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট আয় দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকা

বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে উত্তর আমেরিকা তথা যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে নতুন মাইলফলক গড়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির তৃতীয় সপ্তাহান্তে সিনেমাটি চার লাখ ডলারের ক্লাবে প্রবেশ করেছে, যা ঢালিউডের জন্য নতুন এক অর্জন।

কমস্কোর ও সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর তথ্যানুযায়ী, গত রোববার পর্যন্ত ১৭ দিনে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট আয় দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকা।

এর আগে আলোচিত সিনেমা ‘হাওয়া’ শীর্ষ আয়ের যে শক্তিশালী রেকর্ড গড়েছিল, সেটি মাত্র দুই সপ্তাহেই ছাড়িয়ে যায়। তখন থেকে অনুমান করা হচ্ছিল শিগগিরই চার লাখ ডলারের ক্লাবে ঢুকবে ‘বনলতা এক্সপ্রেস’। অন্যদিকে উত্তর আমেরিকায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’র লাইফটাইম আয় ৩ লাখ ৫৮ হাজার ডলার।

তবে বিশ্লেষকদের মতে, উত্তর আমেরিকায় ছবিটি এরই মধ্যে ‘পিক রান’ শেষ করেছে। ফলে সামনে দিনগুলোয় আয় বৃদ্ধির গতি ধীরে ধীরে কমে আসতে পারে।

‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শ্যামল মওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীন, শরিফুল রাজ ও সাবিলা নূর।

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তি পেয়ে দেশীয় বক্স অফিসে সিনেমাটি ১০ কোটি টাকার বেশি আয় করেছে। অন্যদিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় সম্মিলিত আয় ২ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

আরও