বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রিন্স’, ‘প্রেসার কুকার’ ও ‘রাক্ষস’। এদের মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল, বাকিগুলোও ব্যবসায়িক দিক থেকে মন্দ করেনি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সিনেমাগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে। সে রেশ কাটতে না কাটতেই আবারো দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। উৎসবের আনন্দকে বাড়িয়ে দিতে এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার সিনেমার জোর প্রস্তুতি। আসন্ন ঈদে কোন সিনেমা দর্শকের মন জয় করবে, তা নিয়ে বিনোদন অঙ্গনে এখন চলছে নানা বিশ্লেষণ। তবে আলোচনা আর প্রচারণায় এখন পর্যন্ত একক রাজত্ব করছেন শাকিব খান। তার নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে যে পরিমাণ আলোচনা দেখা যাচ্ছে, সে তুলনায় মুক্তির অপেক্ষায় থাকা অন্য সিনেমাগুলোর প্রচারণা এখনো চোখেই পড়ছে না।
শাকিবের ‘রকস্টার’ ম্যাজিক
ঈদের সিনেমা মানেই যেন শাকিব খান, এ আর বলার অপেক্ষা রাখে না। এবারের ঈদুল আজহায়ও কিং খান ভক্তদের জন্য নিয়ে আসছেন তার নতুন ধামাকা ‘রকস্টার’। সিনেমাটির মুক্তিতে সেন্সর বোর্ডের বিধিনিষেধ থাকলেও দর্শকের আশা, সবকিছু কাটিয়ে আসন্ন ঈদেই মুক্তি পাবে রকস্টার। এতে শাকিব খানের বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় এ জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকের বেশ নজর কেড়েছিল। পরিচালক আজমান রুশো সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি দেয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েই শুটিং শুরু করেছিলেন। এরই মধ্যে সিনেমার সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে। শাকিব-সাবিলা জুটির এ নতুন রসায়ন দেখার জন্য ভক্তদের অপেক্ষা এখন তুঙ্গে।
সুমনের ‘রইদ’-এ কি পুড়বে দর্শক হৃদয়?
‘হাওয়া’ সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন নিয়ে আসছেন তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘রইদ’। পরিচালক এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রচারণার অংশ হিসেবে এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমার প্রথম গান। গানটির সুর ও মেজাজ দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। মেজবাউর রহমান সুমনের ভাষায়, গানের সুরের মতোই রইদের গল্পটিও দর্শকের অনুভূতির গভীরে দাগ কাটবে। আমার বিশ্বাস, ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি দর্শকের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।
প্রস্তুত শুভ-মীমের ‘মালিক’
এদিকে ঢাকাই সিনেমার অন্যতম দুই জনপ্রিয় তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীমকে নিয়ে সাইফ চন্দন নির্মাণ করেছেন ‘মালিক’। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। যদিও পরিচালক সাইফ চন্দন কিছুটা গোপনীয়তা বজায় রাখছেন। তিনি বলেন, ‘আমরা সিনেমাটির মুক্তির বিষয়ে কিছুই এখনো অফিশিয়ালি জানাইনি। তবে আমরা সব প্রস্তুতি নিচ্ছি। ঈদে মুক্তির বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।’ শুভ-মীম জুটির প্রত্যাবর্তনে দর্শক যে নতুন কিছু পেতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
দীর্ঘ প্রতীক্ষার পর ‘মাসুদ রানা’
প্রায় পাঁচ বছর আগে শুরু হয়েছিল কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র শুটিং। পরিচালক সৈকত নাসির দীর্ঘ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। নানা জটিলতা আর চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির মিছিলে দাঁড়িয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমার বেশির ভাগ শুটিং শেষ হলেও বাকি থাকা একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ গুছিয়ে আনা হয়েছে। সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা এবং তার বিপরীতে ‘সোহানা’ হিসেবে থাকছেন পূজা চেরি। গোয়েন্দা কাহিনীপ্রিয় দর্শকের জন্য এটি হতে পারে ঈদের সেরা উপহার।
তালিকায় আছে আরো চমক
ঈদের লড়াইয়ে পিছিয়ে নেই বুবলী ও আদর আজাদের সিনেমা ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটি দুই ঈদ ধরেই মুক্তির ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি। তবে এবারের কোরবানির ঈদে মুক্তি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া রায়হান খান পরিচালিত তারকাবহুল সিনেমা ‘ট্রাইব্যুনাল’-ও রয়েছে মুক্তির তালিকায়। এ সিনেমায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, সায়রা আক্তার, তারিক আনাম খান ও আদর আজাদের মতো একঝাঁক তারকা। সিনেমার কিছু অংশের শুটিং বাকি থাকলেও তা দ্রুত শেষ করে ঈদে আনার পরিকল্পনা চলছে।
প্রচারণায় শাকিবের একক আধিপত্য
আসন্ন কোরবানির ঈদে বেশকিছু সিনেমা মুক্তির কথা থাকলেও প্রচারণায় এখন পর্যন্ত একক আধিপত্য বজায় রেখেছেন শাকিব খান। তার অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি নিয়ে যে ধরনের হইচই আর প্রচারণা চলছে, সে তুলনায় অন্য সিনেমাগুলোর খুব একটা দেখা মিলছে না। তবে শেষ পর্যন্ত শাকিব খানের বিপরীতে আর কোন কোন সিনেমা ঈদে প্রেক্ষাগৃহে নামবে, তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ঈদের ঠিক আগমুহূর্তেই চূড়ান্তভাবে জানা যাবে, আসলে কয়টি সিনেমা এবার মুক্তির মিছিলে থাকছে।
শেষ হাসি হাসবে কে?
এবারের ঈদুল আজহার সিনেমার ডালি বেশ বড়। একদিকে যেমন আছে শাকিব খানের তারকাখ্যাতি, তেমনি আছে মেজবাউর রহমান সুমনের শৈল্পিক নির্মাণ। সঙ্গে মাসুদ রানার গোয়েন্দা থ্রিলার আর শুভ-মীমের অ্যাকশন-ড্রামা তো আছেই। সব মিলিয়ে সিনেমার লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত দর্শক কোন সিনেমার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করবেন, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত।