মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করলেন উঠতি অভিনেত্রী ঊর্মী আহমেদ। নাটক দুটি হলো-‘বউ ভাড়া’ ও ‘সানগ্লাস ফ্যামিলি’। একটি প্রচার হবে চ্যানেল আইতে অন্যটি আরটিভিতে। এ প্রসঙ্গে ঊর্মী বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের মতো বড় অভিনেতার সঙ্গে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। তার সঙ্গে কাজ করতে গিয়ে প্রথম প্রথম ক্যামেরার সামনে খুব ভয় কাজ করেছিল। তিনিই আমাকে সহজ করে দিয়েছেন। কাজ করতে গিয়ে মনে হয়েছে, তিনি শুধু একজন বড় অভিনেতাই নন, একজন ভালো মানুষও।’
ছোটবেলা থেকেই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা ঊর্মীর। মূলত অভিনেত্রী শাবনূরের অভিনয় দেখেই মিডিয়ার প্রতি দুর্বলতা কাজ করে তার। যুক্ত হন গ্রপ থিয়েটারে। রেজানুর রহমানের এথিক থিয়েটারের সঙ্গেই কাজ করছেন নিয়মিত। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গেছেন সমানতালে। এলএলবি সম্পন্ন করে বর্তমানে একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে প্র্যাকটিস করছেন জজ কোর্টে। এর বাইরে শিশুদের প্রতি ভালোবাসার তাগিদ থেকেই গড়ে তুলেছেন শিশু সংগঠন-বর্ণমালা শিশু কিশোর মেলা।
ঊর্মি বলেন, ‘আজকের শিশুই দেশের ভবিষ্যত। শিশুরা মানবিক হবে, নৈতিকতা শিখবে সর্বোপরি দেশকে ভালোবাসবে-এমনটিই আমি চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি শিশুদের নিয়েই কাজ করতে চাই।'