ক্যারিয়ারের সবচেয়ে বড় সৃজনশীল দায়িত্ব নিতে যাচ্ছেন হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার। জনপ্রিয় ‘ওশানস ইলিভেন’ ফ্র্যাঞ্চাইজির প্রিক্যুয়েল সিনেমায় একসঙ্গে তিনটি ভূমিকা পালন করবেন। এ সিনেমার চিত্রনাট্যকার, পরিচালক ও প্রধান অভিনেতা তিনি। এ প্রজেক্টে যুক্ত হয়েছেন মার্গট রবি। তিনি শুধু অভিনয়ই নয়, প্রযোজনার দায়িত্বেও থাকবেন। খবর আর্ট থ্রেট।
ওয়ার্নার ব্রাদার্সের সিনে কনভেনশন ‘সিনেমাকনে’ আনুষ্ঠানিকভাবে সম্প্রতি ছবিটির মুক্তি তারিখ জানিয়ে দেয়া হয়ছে, ২০২৭ সালের ২৫ জুন।
কাহিনির প্রেক্ষাপট হবে ১৯৬২ সালের মর্যাদাপূর্ণ মোনাকো গ্রাঁ প্রি। এ আয়োজনে এক ঝুঁকিপূর্ণ ও জাঁকজমকপূর্ণ চুরি ঘটনাকে কেন্দ্র করে গল্প এগোবে।
মার্গট রবি জানান, সিনেমাটিতে ড্যানি ওশানের বাবা-মায়ের যৌবনকাল দেখানো হবে। তারা একসঙ্গে একটি সাহসী হাইস্ট পরিচালনা করে। এই প্রিক্যুয়েল মূল ‘ওশানস’ সিরিজের ভেগাস-কেন্দ্রিক গল্প থেকে বেরিয়ে এসে নতুন ইতিহাস ও পারিবারিক উত্তরাধিকারের দিক উন্মোচন করবে।
ব্র্যাডলি কুপার এর আগে পরিচালনা করেছেন ‘আ স্টার ইজ বর্ন’ ও ‘মায়েস্ত্রো’। এ সিনেমাগুলো চরিত্রনির্ভর ও আবেগঘন গল্প বলায় তার দক্ষতা প্রমাণ করেছে। এবার তিনি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাইস্ট ঘরানায় আরো গভীর মানবিক ও মনস্তাত্ত্বিক স্তর যোগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ওয়ার্নার ব্রাদার্স ও লাকিচ্যাপ এন্টারটেইনমেন্টের এ যৌথ উদ্যোগকে ফ্র্যাঞ্চাইজির নতুন যুগ হিসেবে দেখা হচ্ছে, যেখানে পুরোনো ফর্মুলার বদলে চরিত্র ও সম্পর্কভিত্তিক নতুন দৃষ্টিভঙ্গি সামনে আসবে।
‘ওশানস ইলিভেন’ জনপ্রিয় হলিউড হাইস্ট ফ্র্যাঞ্চাইজি, যেখানে একদল দক্ষ চোর অত্যন্ত জটিল ও সাহসী চুরির পরিকল্পনা ও বাস্তবায়ন করে। ১৯৬০ সালে নির্মিত হয় এ নামের প্রথম সিনেমাটি, অভিনয় করেন ফ্র্যাঙ্ক সিনাত্রা। ২০০১ সালে রিবুট করেন স্টিভেন সোডারবার্গ। এতে জর্জ ক্লুনি, ব্র্যাড পিট, ম্যাট ডেমন ও জুলিয়া রবার্টসসহ বড় তারকারা অভিনয় করেন। গল্পে দেখা যায়, ড্যানি ওশান তার দল নিয়ে লাস ভেগাসের তিনটি বড় ক্যাসিনো একসঙ্গে লুট করার পরিকল্পনা করে। ড্যানি চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ ক্লুনি। পরবর্তীতে এর দুটি সিক্যুয়েল ও একটি নারীকেন্দ্রিক কিস্তি নির্মিত হয়।