আসছে ঈদুল ফিতরে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ঈদের দিন নতুন এ শাখার উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দর্শকদের আধুনিক পরিবেশ ও উন্নত প্রযুক্তিতে সিনেমা দেখার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এ মাল্টিপ্লেক্সটি স্থাপন করা হয়েছে। এখানে মোট তিনটি হল রয়েছে। এর মধ্যে দুটি হলের প্রতিটিতে ১৭৮টি করে আসন এবং অন্য একটি হলে ৭৫টি আসন রয়েছে। বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক শব্দব্যবস্থা ও বিশাল পর্দার পাশাপাশি বিশ্বমানের যাবতীয় সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, এটি নারায়ণগঞ্জের মানুষের জন্য তাদের পক্ষ থেকে ঈদের উপহার। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বড় পর্দায় সিনেমা দেখার আনন্দ বাড়িয়ে দিতে এ শাখাটি চালু করা হচ্ছে। সময়ের সঙ্গে দর্শকদের রুচি বদলেছে এবং তারা উন্নত পরিবেশ ও নিরাপত্তা চান। দর্শকদের ইতিবাচক এ সাড়ার কারণেই তারা ক্রমান্বয়ে নতুন নতুন শাখা বাড়ানোর চেষ্টা করছেন।
তিনি আরো বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ভালো সিনেমার পাশাপাশি উন্নত মানের সিনেমা হলও প্রয়োজন। উন্নত মানের পর্দা ও শব্দব্যবস্থা সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করে তোলে।
এ বছরের মধ্যে আরো কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্স ছড়িয়ে দেয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।