হুমায়ুন আজাদের প্রতিবাদী ‘ময়না’ রাজ রিপা

প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের আলোচিত উপন্যাস ‘১০,০০০ এবং আরো একটি ধর্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র ‘ময়না’ হয়ে পর্দায় আসছেন তরুণ অভিনেত্রী রাজ রিপা।

প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের আলোচিত উপন্যাস ‘১০,০০০ এবং আরো একটি ধর্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র ‘ময়না’ হয়ে পর্দায় আসছেন তরুণ অভিনেত্রী রাজ রিপা। যদিও চলচ্চিত্রের নাম এখনো ঠিক হয়নি। বাংলাদেশের গ্রামীণ সমাজে ধর্ষণের শিকার একটি মেয়ের জীবন, নির্মম পরিণতি ও প্রতিবাদের কথা উঠে এসেছে ‘১০,০০০ এবং আরো একটি ধর্ষণ’ উপন্যাসে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি। সংলাপ লিখছেন সাংবাদিক অপূর্ণ রুবেল। সম্প্রতি হুমায়ুন আজাদ পরিবারের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের অনুমতি নিয়েছেন পরিচালক ও সংলাপ রচয়িতা।   

গত মঙ্গলবার ছিল রাজ রিপার জন্মদিন। জন্মদিনেই ঘোষণা আসে। ময়না চরিত্রের প্রস্তাব পাওয়ার বিষয়ে বণিক বার্তাকে বলেন, ‘জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে শাহবাগে একটি মানববন্ধন হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। পরিচালক সোহেল বয়াতি সেখানেই আমাকে দেখেন। পরিচালক পরে আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, ‘দুই বছর ধরে এ উপন্যাসটা নিয়ে আমি কাজ করছি। অনেক অভিনেত্রীকেই দেখেছি। কিন্তু শাহবাগে আপনার প্রতিবাদী রূপ দেখে মনে হয়েছে আপনিই উপন্যাসের সেই ছোট্ট ময়না। ‘১০,০০০ এবং আরো একটি ধর্ষণ’ উপন্যাসের ময়না হিসেবে আপনাকেই চাই। সব মিলিয়ে মনে হয়েছে দারুণ একটি কাজ হতে যাচ্ছে। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই।’   

এটা তিন মাস আগের ঘটনা। সপ্তাহ খানেক আগে সিনেমার চুক্তিনামায় সই করে ফেলেছেন। কিন্তু রাজ রিপা চেয়েছেন ৭ ডিসেম্বর নিজের জন্মদিনে ঘোষণা দিতে। কারণ হিসেবে বললেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছিলাম জন্মদিনে। ৭ তারিখটা আমার জন্য খুব লাকি। তাই চেয়েছিলাম দ্বিতীয় সিনেমার ঘোষণাটাও ৭ ডিসেম্বরেই দিতে।’

ময়না চরিত্র প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, ‘হুমায়ুন আজাদ ছিলেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ। তার উপন্যাসে কাজ করতে পারা আমার জন্য যেমন আনন্দের তেমনি চ্যালেঞ্জেরও। উপন্যাসে ময়নাই প্রধান চরিত্র। ময়নার ওপর ভিত্তি করে এগিয়েছে গল্পটা। ময়না ধর্ষণের শিকার এক নারীর প্রতিবাদের গল্প। আর মুক্তি প্রতিবাদী এক নারীর গল্প। আপাতত একই ধরনের গল্প মনে হলেও দুটো কিন্তু দুই ধরনের। খুব কাছাকাছি সময়ে দুটি প্রতিবাদের গল্পে অভিনয়ের ফলে নিজেকে ভিন্ন ভিন্ন আবহে হাজির করাটা চ্যালেঞ্জিং। দুটি চরিত্রই আলাদা করে ফুটিয়ে তুলতে হবে। একটায় মুক্তি হয়ে লড়তে হবে, অন্যটায় ময়না হয়ে লড়তে হবে। আমি সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করি ফেব্রুয়ারির দিকে সিনেমার কাজ শুরু হবে।’

হুমায়ুন আজাদের ‘১০,০০০ এবং আরো একটি ধর্ষণ’ উপন্যাসটা পড়েছেন রাজ রিপা। ময়নার সংগ্রাম, নিজের জীবনের সঙ্গে লড়াইয়ের দিকগুলো তার কাছে খুবই বিশেষ মনে হয়েছে। ১০ হাজার ধর্ষিতা নারীর মধ্যে ময়না আলাদা হয়ে নিজের অবস্থান জানান দিয়েছে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ময়নার চরিত্রের এ দিকটা রাজ রিপাকে খুবই আকর্ষণ করেছে। তিনি মনে করেন, এখানে ভালো কিছু করে দেখানোর জায়গা পাওয়া যাবে।

আরো মনে করেন, ময়না চরিত্রটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। এ ধরনের চরিত্রে জয়া আহসানের মতো পাকা অভিনেত্রীই কেবল মানানসই হতে পারে। এমন একটা চরিত্রে সুযোগ পাওয়ায় নিজের সেরাটা দিতে চান তিনি। যাতে দর্শক ও সমালোচকরা দেখে বলেন, রাজ রিপাও জয়া আহসানের মতোই অভিনয় করেছেন। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যত পরিশ্রম করতে হয় তিনি করবেন। এমনকি ট্রেনিং নেয়া লাগলে তাও নেবেন বলে জানান নবাগত এ অভিনেত্রী।

আরও