ভাষার মাস ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’।
নাটকে দেখা যাবে ছোট্ট পিউয়ের পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেক পাখি আছে। কিন্তু একটাই দুঃখ। আর তা হলো পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়। সমস্যা হলো এ টিয়াও কথা বলতে পারে না। দোকানি বলেছে, তাকে কথা শেখাতে হবে। বাড়ি ফিরে শুরু হয় পাখিকে কথা শেখাতে পিউয়ের প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু বিপদ হলো যতই কথা শেখানো হোক, টিয়া শুধুই টিট টিট করে। মানুষের মতো করে কোনো কথা বলতে পারে না। তার পরও সে চেষ্টা চালিয়ে যায়।
পিউ ও টিয়া পাখির এ গল্প নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুরন্তর বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। নূর সিদ্দিকীর রচনা ও মনিরুল হোসেন শিপনের পরিচালনায় ভাষা নিয়ে নির্মিত নাটকটি প্রচারিত হবে আগামীকাল রাত সাড়ে ৮টায়।