নকলের দায় থেকে অব্যাহতি পেলেন এড শিরান

ব্রিটিশ সংগীত তারকা এড শিরানের বিরুদ্ধে গান নকল করার অভিযোগ উঠেছিল। এ নিয়ে মামলা চলছিল আদালতে।

ব্রিটিশ সংগীত তারকা এড শিরানের বিরুদ্ধে গান নকল করার অভিযোগ উঠেছিল। এ নিয়ে মামলা চলছিল আদালতে। বলা হয়েছিল মারভিন গেইয়ের ১৯৭০ সালের ‘‌লেটস গেট ইট অন’ গানের মূল বিষয়গুলো নিয়ে শিরান তৈরি করেছেন ‘‌থিংকিং আউট লাউড’। সম্প্রতি শুনানি চলাকালীন জুরি জানিয়েছেন, শিরানের গানটিতে আসলে মারভিনের ছায়া নেই। 

এড শিরান এ সময়ের জনপ্রিয়তম গায়কদের একজন। কপিরাইট মামলাটি নিয়ে এর মধ্যেই শোরগোল উঠেছিল। এক দশকের মধ্যে আর কোনো কপিরাইট কেস নিয়ে এত চাঞ্চল্য হয়নি। সম্প্রতি সাতজনের জুরিবোর্ড জানালেন এড শিরান আসলে গান নকল করেননি। 

রায় ঘোষণার পর শিরান আক্ষরিকভাবেই দুই হাতে নিজের মুখ ঢেকে ফেলেন এবং এরপর তার অ্যাটর্নিকে জড়িয়ে ধরেন। এর আগে তিনি বলেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে গানই ছেড়ে দেবেন। শ্রোতাদের ভাগ্য ভালো তেমন কিছু করতে হলো না। সময়টা ছিল উদযাপনের। শিরান তার পাশে থাকা ব্যক্তিদের ধন্যবাদ দেন। এরপর তিনি প্রেসের উদ্দেশে নিজের বক্তব্য দেন। 

শিরান বলেন, ‘‌মামলার ফলাফলে আমি অবশ্যই খুশি। মনে হচ্ছে এ কাজ (গান গাওয়া ও লেখা) আমাকে ছাড়তে হচ্ছে না। তবে পাশাপাশি একটি ভিত্তিহীন অভিযোগের মধ্যে পড়ে আমি বিরক্ত বোধ করছি।’ শিরানের মনোকষ্টের আরো কারণ আছে। এ মামলার জন্য তিনি আয়ারল্যান্ডে তার দাদির অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে পারেননি।

মামলার রায়ের পর বাদীপক্ষের ক্যাথরিন গ্রিফিথের সঙ্গেও কথা বলেন শিরান। তাদের স্বাভাবিকই মনে হচ্ছিল। মামলা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গ্রিফিথ বলেন, ‘‌আমি খুশি যে মামলাটা শেষ হয়েছে। আমরা আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরতে পারব।’ তিনি জানান, বাবাকে কথা দিয়েছিলেন, তার বুদ্ধিবৃত্তিক সম্পদ তিনি বেহাত হতে দেবেন না। সে সূত্রেই এ মামলার সূচনা। তবে তিনি এখন বুঝতে পারছেন শিরান আসলে নকলবাজ নন।

সূত্র: ভ্যারাইটি

আরও