মহামারীর ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হওয়ার পথে চলচ্চিত্রাঙ্গন। একের পর এক আসছে সিনেমা মুক্তির ঘোষণা। এর মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছে ‘মিশন এক্সট্রিম’
ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দুটি সিনেমা বেশ ভালো দর্শক টেনেছে। এ ধারাবাহিকতায় আজ একসঙ্গে তিনটি সিনেমা আসছে। সিনেমাগুলো হলো গুণিন, শিমু ও অগ্নিবীণা।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘গুণিন’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ চরিত্রে অভিনয় করেছেন। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয় ও বিয়ে। বর্তমানে বাস্তব জীবনের এ জুটি সন্তানের অপেক্ষায় দিন গুনছে। সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’
থেকে নেয়া হয়েছে সিনেমার গল্প। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরো অনেককেই দেখা যাবে এ সিনেমায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্লাটফর্ম চরকি।
গত বুধবার ভিন্ন এক আয়োজনে হয়ে গেল গুণিনের প্রিমিয়ার। সিনেমার প্রধান দুই চরিত্র রাবেয়া-রমিজ অর্থাৎ পরীমনি-শরিফুল রাজের বিয়ের আয়োজনের মধ্য দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ও অভিনয় শিল্পীরা।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন’
মূলত হাসান আজিজুল হক স্যারের একটি ছোটগল্প থেকে তৈরি। ছোটগল্প থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা করতে একটু জটিলতা আছে। কিন্তু আমরা পুরো টিম সাপোর্ট দিয়ে সিনেমাটি নির্মাণ করতে পেরেছি। সবাইকে ‘গুণিন’
দেখার আমন্ত্রণ রইল। সিনেমাটি দেখে ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপই বলবেন।
অনুষ্ঠানে পরীমনি বলেন, আমাকে যখন পালকিতে তোলা হয় তখন সেই রমিজ-রাবেয়ার বিয়েতে চলে গিয়েছিলাম। যে মাঠে শুটিং হয়েছিল, যে নদীতে শুটিং হয়েছিল তার পুরোটাই দেখতে পাচ্ছিলাম। আজ একই সঙ্গে সিনেমার প্রিমিয়ার ও বৌভাতের আয়োজন। সেজন্য আমাকে কনে সাজতে হয়েছে, একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। সেলিম ভাইয়ের কথায় গুণিনে কাজ করা। আর এ কাজ দিয়ে আমি আরেকজনের জীবনে যুক্ত হয়েছি। সেজন্য সিনেমাটি আমার অন্য অনেক স্পেশাল হয়ে থাকবে।
রাজ বলেন, ‘গুণিনের সঙ্গে যুক্ত হওয়ার পর আমি বড় ধরনের একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম। সে সময় সেলিম ভাই আমার জন্য অনেকদিন অপেক্ষা করেন। পরে খুব দ্রুত রিকভার করে আমি শুটিং শুরু করি। সবাই আমাদের সিনেমাটি দেখবেন, এটাই প্রত্যাশা।’
সিনেমা হলে মুক্তির পর গুণিন ওটিটি প্লাটফর্ম চরকিতেও মুক্তি পাবে।
এদিকে শ্রমিক নেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্র ‘শিমু’
মুক্তি পাচ্ছে আজই। এটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। নির্মাতা জানান, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাক শিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ছবিতে।
বুধবার সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধনী প্রদর্শনী শেষে খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আন্ডার কনস্ট্রাকশনের পর ওকে বলি যে ভালো ছবি বানানো তো যেকোনো ফিল্ম মেকারের জন্যই একটা সংগ্রাম। কিন্তু মেয়েদের জন্য বোধ হয় সেটা ডাবল সংগ্রাম। যেখানে সমাজ, এমনকি প্রগতিশীল সমাজও বিশ্বাস করতে রাজি না যে একটা মেয়ে নিজের ছবি নিজেই বানাতে পারে। যা-ই হোক, রুবাইয়াতের নতুন ছবি শিমু মুক্তি পাচ্ছে শুক্রবার। সবার সঙ্গে টিকিট কেটেই দেখব।’
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল লিখেছেন, ‘এ রকম ছবি বানাতে অনেক সাহসের দরকার হয়। আমাদের দেশে যে ধরনের ফিল্ম কালচার প্রচলিত, তার একদম বিপরীত এ ছবি। শিমু চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে দর্শক প্রতিক্রিয়া দেখে আত্মবিশ্বাসী হওয়াই যায়, আমাদের দর্শক যথেষ্ট ম্যাচিউরড হয়েছেন। রুবাইয়াত আপনাকে অভিনন্দন এ রকম পরিপক্ব একটা চলচ্চিত্র উপহার দেয়ার জন্য।’
শিমু সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, সামিনা লুত্ফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দি এপ্রেস-মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে শিমু ছবিটি। শিমু মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ সাভার, গাজীপুর ও রাজশাহীর সিনেমা হলে।
আলোচিত এ দুই ছবির সঙ্গে হলে আসছে শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ‘অগ্নিবীণা’ও। নাসরিন জাহান অনন্যা পরিচালিত সিনেমার কাহিনী ও সংলাপ করেছেন শামীম আহমেদ রনি। গতকাল প্রযোজনা সংস্থার অফিশিয়াল ফেসবুকে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণাকে। সিনেমাটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায় ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিবীণা অন্য রকম গল্পের সিনেমা। বাংলাদেশের শিল্পীদের চেয়ে ভারতের শিল্পী বেশি নেয়া হয়েছে গল্পের প্রয়োজনে। বর্তমানে দর্শক চাহিদা মাথায় রেখে ছবিটি বানানো হয়েছে। দেশের সব সিনেপ্লেক্সসহ ভালো সিনেমা হলগুলোয় মুক্তি পাবে ছবিটি। গুণিন, অগ্নিবীণা ও শিমুর পাশাপাশি এ সপ্তাহে বেশকিছু হলে চলবে বাপ্পি-অপু জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এবং রোশান-পরীমনি ও মোশাররফ করিমের ‘মুখোশ’ সিনেমা দুটিও।