৫ কোটি ডলারের ওপেনিং পেল ‘দি ওডিসি’

বহু জল্পনাকল্পনার পর মুক্তি পেল দি ওডিসি। মুক্তির প্রথম দিনই ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমাটি আয় করেছে ৫ কোটি ১০ লাখ ডলার।

উত্তর আমেরিকার ৩ হাজার ৯১৯টি প্রেক্ষাগৃহ থেকে এসেছে এ অর্থ। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, সিনেমাটি সপ্তাহ শেষে ৯-১০ কোটি ডলার আয় করতে পারে। তবে দুর্দান্ত উদ্বোধনী দিনের পর এখন বিশ্লেষকদের পূর্বাভাস, রোববারের মধ্যে ওডিসির আয় ১২ কোটি ডলার পর্যন্ত পৌঁছতে পারে।

এমনটি হলে দি ওডিসি হবে ২০২৬ সালে ১০ কোটি ডলারের বেশি আয় নিয়ে মুক্তি পাওয়া তৃতীয় সিনেমা। এর আগে ‘টয় স্টোরি ফাইভ’ উদ্বোধনী সপ্তাহান্তে আয় করেছিল ১৫ কোটি ৯০ লাখ ডলার। ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ আয় করেছিল ১৩ কোটি ১০ লাখ ডলার।

দি ওডিসি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫ কোটি ডলার। যদি সিনেমাটির উদ্বোধনী সপ্তাহান্তের আয় ১২ কোটি ডলারে পৌঁছায়, তবে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই হবে নোলানের সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্য। দ্য ডার্ক নাইট রাইজেস মুক্তির প্রথম সপ্তাহান্তেই আয় করেছিল ১৬ কোটি ডলার। এছাড়া ওডিসির সম্ভাব্য উদ্বোধনী আয় ওপেনহাইমারকেও ছাড়িয়ে যাবে। ২০২৩ সালের অস্কারজয়ী ওপেনহাইমার উদ্বোধনী সপ্তাহ শেষে ৮ কোটি ২০ লাখ ডলার আয় করেছিল। উল্লেখ্য, ওপেনহাইমার শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ৯৭ কোটি ৫০ লাখ ডলার আয় করেছিল।

সূত্র: ভ্যারাইটি

আরও