সিনেমাটি নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তবে মুম্বাইয়ে সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনাট্যের প্রচ্ছদের একটি সিনেমা প্রকাশ করেছেন কল্যাণী। এবারের ওনামও পরিবারের সঙ্গে কাটাতে পারেননি অভিনেত্রী। ‘প্রলয়’-এর কাজে মুম্বাইয়ে ব্যস্ত থাকায় পরিবারের সঙ্গে সাদ্যা খাওয়া কিংবা উৎসবের সাজে ছবি তোলার সুযোগ হয়নি তার। কয়েকটি ছবি শেয়ার করে কল্যাণী জানান, এবারের ওনামেও ‘প্রলয়’-এর কাজ নিয়েই ব্যস্ত আছেন তিনি।
‘প্রলয়’কে বলা হচ্ছে ডিস্টোপিয়ান জোম্বি থ্রিলার। ভবিষ্যতের এক বিপর্যস্ত পৃথিবীর পটভূমিতে জোম্বি আক্রান্ত পরিস্থিতিতে টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে এগোবে গল্প। তবে শুধু ভয় আর বেঁচে থাকার সংগ্রাম নয়, সিনেমাতে গুরুত্ব পাবে পারিবারিক আবেগও। জানা গেছে, চরম পরিস্থিতিতে নিজের পরিবারকে রক্ষা করতে এক মানুষের লড়াইয়ের গল্প তুলে ধরা হবে এতে।
কল্যাণীর এ পোস্টের পর ‘প্রলয়’ নিয়ে আগ্রহ আরো বেড়েছে। সিনেমাটি পরিচালনার মধ্য দিয়ে নির্মাতা হানসাল মেহতার ছেলে জয় মেহতার অভিষেক হচ্ছে। প্রযোজনায় রয়েছে অ্যাপলজ এন্টারটেইনমেন্ট।
কল্যাণীর চরিত্র কিংবা সিনেমার গল্প নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রণবীরের চরিত্র নিয়েও রয়েছে গোপনীয়তা। তবে জোম্বি অ্যাপোক্যালিপস, ডিস্টোপিয়ান পরিবেশ আর পারিবারিক আবেগের সমন্বয় সিনেমাটিকে আলাদা করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মালয়ালম সিনেমার পরিচিত মুখ কল্যাণীর জন্য ‘প্রলয়’ বিশেষ একটি অধ্যায়। এটিই তার প্রথম হিন্দি সিনেমা। ২০২৫ সালে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’য় ভারতের প্রথম নারী সুপারহিরো চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এর পর থেকেই বলিউডে তার অভিষেক নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
রণবীর সিংয়ের সঙ্গে প্রথম কাজ হওয়ায় ‘প্রলয়’ নিয়ে দর্শকদের কৌতূহলও কম নয়। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। শুটিং কবে শুরু হবে বা সিনেমাটি কবে দর্শকের সামনে আসবে, সে বিষয়েও নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: বলিউড হাঙ্গামা