মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যাহত হচ্ছে বলিউডের অনেক সিনেমার শুটিং। এ পরিস্থিতির শিকার শাহরুখ খান অভিনীত ও প্রযোজিত ‘কিং’ও। সিদ্ধার্থ আনন্দের মেগাবাজেটের এ সিনেমায় আরো আছেন শাহরুখ-কন্যা সুহানা খান।
এপ্রিলে ‘কিং’-এর একটা বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ে। ৯ এপ্রিল থেকে টানা এক সপ্তাহ শুটিংয়ের জন্য আগাম অনুমতিও নিয়ে রেখেছিল শুটিং ইউনিট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুটিংয়ের পরিবেশ নেই আরব আমিরাতের অঞ্চলটিতে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল আকস্মিক হামলা করে ইরানে। এতে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি তেহরান। যাতে আক্রান্ত হয়েছে প্রতিবেশীগুলোও। উপসাগরীয় দেশগুলোয় মার্কিন ঘাঁটি এখন ইরানের লক্ষ্যবস্তু। এমন প্রেক্ষাপটে একাধিকবার হামলার শিকার হয়েছে দুবাই।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যাকশন সিকোয়েন্সের শুটিং আর ফেলে রাখতে চাননি পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তাই মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার এক স্টুডিওতে দুবাইয়ের মরুভূমির আদলে সেট তৈরি করা হয়েছে। সেখানেই চেজিং সিকোয়েন্সের শুট করবেন সুহানা খান ও অনিল কাপুর।
‘কিং’ সিনেমায় নিজের অভিনীত চরিত্র সম্পর্কে শাহরুখ সম্প্রতি বলেন, ‘ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?’
গুঞ্জন রয়েছে, ছবিতে একই চরিত্রে ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে ধরা দেবেন শাহরুখ। যুবক বয়সে রাঘব জুয়ালের সঙ্গে সংঘাতে জড়াবেন। বৃদ্ধ বাদশাকে মুখোমুখি হবেন অভিষেক বচ্চনের।
২০২৪ সালে পরপর তিনটি হিট সিনেমা উপহার দিয়েছিলেন শাহরুখ খান। এর পর ‘জওয়ান’ ভারতীয় সিনেমার অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। দুই বছর বিরতির পর আগামী বড়দিনে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘কিং’।