ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। একের পর এক কাজ দিয়ে তারা দর্শকদের মন জয় করে নিয়েছেন। এ জুটির রসায়ন মানেই দর্শকদের জন্য বিশেষ কিছু। এবার এ দুই তারকাকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অবশেষে তুমি এলে’।
সেলিম রেজার পরিচালনায় রোমান্টিক ও পারিবারিক গল্পের এ নাটকে তৌসিফ ও কেয়াকে দেখা যাবে একদম ভিন্ন দুটি চরিত্রে। নাটকের গল্পটি আবর্তিত হয়েছে বাবার রেখে যাওয়া একটি ফুলের দোকানকে ঘিরে এক তরুণের স্বপ্নের কাহিনী নিয়ে। নাটকের কেন্দ্রীয় চরিত্র তৌসিফ একদিকে যেমন ফুল ভালোবাসেন, অন্যদিকে বড় পর্দা বা বাংলা নাটকের বড় তারকা হওয়ার স্বপ্ন বুকে লালন করেন।
গল্পের মোড় ঘোরে যখন অফিস থেকে ফেরার পথে ফুল কিনতে সেই দোকানে আসেন কেয়া পায়েল। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যান স্বপ্নবাজ তরুণ তৌসিফ। এমনই এক মিষ্টি প্রেমের গল্পে এগিয়েছে নাটকটি। নির্মাতা জানান, রাজধানীর উত্তরার ৩০০ ফুট এলাকার বনবীথি হাউসে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।
নাটকটিকে আরো প্রাণবন্ত করতে যুক্ত করা হয়েছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথি।
তৌসিফ ও কেয়া পায়েল ছাড়াও নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ ও ফারুক আহমেদ। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে। জানা গেছে, আগামী ১৪ মে ‘জাগো এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে।