ঢাকায় অভিজাত এলাকায় নিজস্ব ফ্লাটে বসবাস করে অনিক। স্ত্রী শৈলী ও একমাত্র কন্যাসন্তান ভাষাকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষী এ যুবকের নির্ঝঞ্ঝাট সংসার। এ তিনটি চরিত্রকে কেন্দ্রে রেখে তৈরি হয়েছে বিশেষ টিভি নাটক ‘চিঠিওয়ালা’।
নাটকে দেখা যাবে, কিশোরী কন্যা ভাষা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। অনিক চায়, তার মেয়ে বাড়িসহ সবখানে ইংরেজিতে কথা বলুক। কিন্তু ভাষা ও সাহিত্যের ছাত্রী শৈলীর মতে বাড়িতে, পরিবারে মাতৃভাষায় কথা বলবে মানুষ।
স্ত্রী শৈলীর কোনো মতামতকে গুরুত্ব দেয় না অনিক। এমনকি শৈলীর ঘরের কাজকেও কোনো কাজ বলে স্বীকার করে না সে। অনিকের একরোখা ও কর্তৃত্ববাদী আচরণে কষ্ট পেলেও শৈলী খুব জোরালো প্রতিবাদও করে না।
একুশে ফেব্রুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে ‘চিঠিওয়ালা’ প্রচার হবে চ্যানেল আইয়ে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন হারুন রশীদ।
অভিনয় করেছেন মামুনুর রশীদ, সুষমা সরকার, আহসান হাবীব নাসিম, তেহজিব, সাজ্জাদ সাজু, কামরুল ইসলাম ও ডেবোরা সিলভিয়া কুইয়া।