অভিনেতা জর্জ ক্লুনির সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। ভেনিস চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক গোল্ডেন লায়নে ভূষিত হয়েছেন তিনি। গতকাল (বুধবার) সন্ধ্যায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মান দেয়া হয়। তার হাতে সম্মাননা তুলে দেন লরা ডার্ন। লরা ও ক্লুনি দীর্ঘদিনের বন্ধু।
মঞ্চে ডার্ন বলেন, ‘আপনি জীবনে যদি কোনো সেরা বন্ধু পান তাহলে সে হবে ক্লনি। আর আপনার জীবনে দেখা সবচেয়ে মজার মানুষও হবেন তিনি।’ ক্লুনির নানা অর্জনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পিপল ম্যাগাজিনের ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ খেতাবও তিনি দুইবার পেয়েছেন।
এ সময় ব্র্যাড পিট, অ্যাডাম স্যান্ডলার ও স্টিভেন সোদেরবার্গসহ আরও কয়েকজনের পাঠানো শুভেচ্ছাবার্তাও পড়ে শোনান ডার্ন। ব্র্যাড পিটের বার্তায় রসিকতা করে বলা হয়, ‘কেন্টাকির এই বাঁকা-পায়ের ছেলেটি এখন অভিজ্ঞ রাষ্ট্রনায়কের পর্যায়ে পৌঁছেছে। আমরা জর্জ ক্লুনিকে ভালোবাসি কেন? কারণ সে একাধারে দুরন্ত, রসিক, পরোপকারী, অভিনেতা, ক্রীড়াবিদ; সংকটের সময় যাকে পাশে পেতে আপনি সবচেয়ে বেশি চাইবেন, সে একজন বাবা, স্বামী, বৈশ্বিক নাগরিক, ন্যায়ের পক্ষে লড়াকু—এবং ভীষণ বাজে একজন নৃত্যশিল্পী।’
এরপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অভিবাদন জানানোর পর মঞ্চে উঠে বক্তব্য দেন ক্লুনি।
তিনি বলেন, ‘এখন আমি ৪৫ বছর ধরে অভিনেতা। পেছনে ফিরে তাকালে মনে হয়, সবকিছু যেন পরিকল্পনা করেই করেছি, যেন আমার কোনো পরিকল্পনা ছিল। কিন্তু আসলে তা ছিল না। বেশির ভাগ সময়ই আমার চেষ্টা ছিল বাড়িভাড়া মেটানো এবং কেন্টাকিতে ফিরে গিয়ে তামাক কাটার কাজ করা থেকে নিজেকে দূরে রাখা—যে কাজটি আমি আগে করতাম। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে বুঝতে পারবেন, আসলে আপনার কোনো পরিকল্পিত ক্যারিয়ার ছিল না; বরং ছিল একের পর এক সৌভাগ্যজনক দুর্ঘটনার ধারাবাহিকতা।’
সূত্র: মিড-ডে