৫ জুন বিশ্ববাজারে ‘রকস্টার’

দেশের বক্স অফিসে ঝড় তোলার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে শাকিব খান অভিনীত সিনেমা রকস্টার।

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমা নিয়ে দর্শকের মাঝে নানা আলোচনা দেখা গেলেও এবার সিনেমাটি নিয়ে শোনা গেল বিশাল সাফল্যের খবর। দেশের গণ্ডি পেরিয়ে ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি থিয়েটারে একযোগে মুক্তি পাচ্ছে রকস্টার।

আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারকোর কর্ণধার সজীব সপ্তক খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, বিশ্বজুড়ে শাকিব খানের ভক্তদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই এমন বড় পরিসরে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। তিনি আরো জানান, মুক্তির প্রথম সপ্তাহে কানাডার সাতটি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের চারটি থিয়েটারে চলবে সিনেমাটি।

বিশ্বখ্যাত সব থিয়েটার চেইনে স্থান করে নিয়েছে এ বাংলাদেশী সিনেমা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চেইন থিয়েটার এএমসির ১৯টি, রিগালের সাতটি, সিনেমার্কের দুটি ও শোকেসের দুটি স্ক্রিনে দেখা যাবে রকস্টার। এছাড়া কানাডার সিনেপ্লেক্সের সাতটি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের চারটি স্ক্রিনেও প্রদর্শিত হবে সিনেমাটি।

চলচ্চিত্রসংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ফিফা ওয়ার্ল্ডকাপের ডামাডোল শুরুর আগে হলিউড ডমেস্টিক মার্কেটে বছরের সবচেয়ে কঠিন এ সপ্তাহে ৪১টি থিয়েটার ম্যানেজ করা রকস্টারের জন্য একটি দারুণ ইতিবাচক দিক। বিশ্ববাজারে প্রথম সপ্তাহে ভালো ওপেনিং বা দর্শক সাড়া পেলে আগামী সপ্তাহগুলোয় থিয়েটারের সংখ্যা আরো বাড়ার বড় সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে এ সিনেমা। আজমান রুশো পরিচালিত রকস্টার সিনেমায় মূলত একজন রকস্টারের উত্থান, আকাশচুম্বী খ্যাতি, ব্যক্তিগত জীবনের টানাপড়েন ও পতনের গল্প সেলুলয়েডে ফুটিয়ে তোলা হয়েছে। বিগ বাজেটের এ সিনেমায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

আরও