মূলধারায় খুব একটা না থেকেও শাকিরা প্রাসঙ্গিক। কিছুদিন আগেও তার ‘ওয়াকা ওয়াকা’র অনুপ্রেরণায় ‘জেলার’ সিনেমার গানে নাচলেন ভারতের তামান্না ভাটিয়া। গত দশকেও নিয়মিত ছিলেন শাকিরা, তবে এখন সে তুলনায় কম। এতে সংগীতাঙ্গনে তার প্রভাব কমেনি। বিষয়টি মাথায় রেখেই এবার এমটিভি তাকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩-এ শাকিরাকে ‘মিউজিক ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ দেবে এমটিভি। সম্প্রতি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানটি আগামী মাসে অনুষ্ঠিত হবে এবং কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করবে তারা। এমটিভির এ পুরস্কার সংগীতাঙ্গনে মর্যাদাপূর্ণ। এর আগে বিয়ন্সে, নিকি মিনাজ, ম্যাডোনা, জ্যানেট জ্যাকসন, জেনিফার লোপেজ, রিহানা ও মিসি এলিয়টকে এ পুরস্কার দেয়া হয়েছে।
এমটিভির এ অ্যাওয়ার্ডে অনেক আগে থেকেই শাকিরা যুক্ত। এখন পর্যন্ত চারটি পুরস্কার পেয়েছেন তিনি। এ যাত্রা হয়েছিল ২০০০ সালে। সে বছর তিনি ইন্টারন্যাশনাল ভিউয়ার্স চয়েজ পুরস্কার পেয়েছিলেন। তার এ পুরস্কার লাতিন উত্তর আমেরিকার শিল্প ও সংগীতে প্রভাব ফেলেছিল।
এবারের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শাকিরার উপস্থিতি ও পারফরম্যান্স নিয়ে দর্শক আগ্রহী। কেননা প্রায় ১৭ বছরের বিরতির পর তিনি ফিরছেন এ অনুষ্ঠানে পারফর্ম করতে। অ্যাওয়ার্ড আয়োজকরা বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে এর আগে পারফর্ম করেছেন বহু খ্যাতনামা শিল্পী। শাকিরা নিজেও পারফর্ম করেছেন একাধিকবার। তার এবারের পারফরম্যান্সটি অনেক দিক থেকেই ভিন্ন হবে বলে জানিয়েছে এমটিভি।
এ বছর শাকিরা ও এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডস দর্শকের কাছে আলাদা আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত শাকিরা এবার চারটি বিভাগে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে আছে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’, ক্যারল জিয়ের সঙ্গে ‘বেস্ট কোলাবরেশন’, এছাড়া বেস্ট লাতিন বিভাগে পেয়েছেন দুটি মনোনয়ন। ফলে আগ্রহ বেশি হওয়ারই কথা। শাকিরার ভক্তসংখ্যা তো কমেনি। এবার এমটিভি বিষয়টি আরো স্পষ্ট করে প্রমাণ করল।
প্যারামাউন্টের সংগীত বিষয়ক কনটেন্ট প্রধান ব্রুস গিলমার শাকিরাকে নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘শাকিরা একজন সত্যিকার বৈশ্বিক তারকা। তিনি তার সংগীত ও উপস্থিতি দিয়ে জনসাধারণের ওপর প্রভাব রেখেছেন। তিনি অন্যতম একজন প্রভাবশালী নারী শিল্পী ও শিল্পীদের মধ্যে তিনিই প্রথম লাতিন সংগীতকে বিশ্বের দরবারে নিয়ে আসেন। তার প্রভাব কখনো কমেনি, কারণ তিনি প্রতিনিয়ত সংগীত ও পারফরম্যান্সকে উচ্চতর মানে নিয়ে গেছেন।’
এমটিভির এবারের আয়োজনে টেইলর সুইফট আটটি বিভাগে মনোনীত হয়েছেন। বেশ একটা জমজমাট আসর উপহার দিতে যাচ্ছে এমটিভি। আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসর।
সূত্র: ইয়ন