‘দঙ্গল’-এর মাধ্যমে বায়োপিক ঘরানায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন আমির খান। এরপর একাধিক বাস্তবজীবনভিত্তিক গল্পে তার যুক্ত হওয়ার আলোচনা শোনা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন নাম ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’-খ্যাত উদ্যোক্তা অশ্নীর গ্রোভার।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অশ্নীর গ্রোভারের জীবন নিয়ে তৈরি হতে যাওয়া বায়োপিকে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন আমির খান এবং প্রাথমিকভাবে তিনি প্রকল্পটির সঙ্গে যুক্ত হতেও সম্মত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ‘ভারতপে’-এর সহ-প্রতিষ্ঠাতার জীবন ও স্টার্টআপ জগতে তার উত্থান নিয়ে নির্মিত এ গল্পে আমির খান বেশ আগ্রহী। তিনি নাকি এরই মধ্যে ছবির চিত্রনাট্যও পড়ে ফেলেছেন। বর্তমানে প্রকল্পটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে।
এছাড়া শোনা যাচ্ছে, ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর মতো ছবির লেখক রাহুল মোদি এই সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত থাকতে পারেন।
‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’র প্রথম সিজনে ‘শার্ক’ হিসেবে অশ্নীর গ্রোভার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি একবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, তার আত্মজীবনী ‘ডগলাপন: দ্য হার্ড ট্রুথ অ্যাবাউট লাইফ অ্যান্ড স্টার্ট-আপস’ প্রকাশের পর ১৫ মাসেও পাঠকদের মধ্যে ভালো সাড়া পাচ্ছে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে ‘ডগলাপন ২.০’ নিয়েও আরো গল্প আসতে পারে, এমনকি সিনেমা নির্মাণের কাজও চলছে।
এদিকে আমির খান বর্তমানে দাদাসাহেব ফালকের জীবন নিয়ে আরেকটি বায়োপিকেও কাজ করছেন, যেখানে তিনি পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে আবারো জুটি বাঁধছেন।