বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রথম কার্যদিবসে তিনি একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
এর আগে, ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছা জানানো হয় নতুন মহাপরিচালককে। বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি জাতীয় প্রতিষ্ঠান। সংস্কৃতি মানে হলো নান্দনিকতা, মঙ্গল, শান্তি ও সম্প্রীতি—যা বিভেদ দূর করে সমাজে ঐক্য গড়ে তোলে। এজন্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই।’
মতবিনিময় সভায় বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, উপসচিব মৌসুমী সরকার রাখী, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহিরসহ একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ফেব্রুয়ারিতে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালকের দায়িত্ব নেন। কয়েক মাস পর তিনি পদ ছাড়েন। এরপর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমির সচিব ওয়ারেস হোসেন।