নব্বইয়ের দশকের বলিউডে জনপ্রিয় অভিনেতা জুটি জ্যাকি শ্রফ ও সঞ্জয় দত্ত ফের একসঙ্গে বড়পর্দায় ফিরতে চলেছেন। দীর্ঘ প্রায় তিন দশক পর এই দুই তারকার পুনর্মিলন ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এর কারণও হলো দুজনের ক্যারিয়ারের স্মরণীয় চরিত্রে আবারো পা গলাচ্ছেন তারা।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, নতুন ছবির নাম ‘খলনায়ক রিটার্নস’। এটি ১৯৯৩ সালের সুপারহিট ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে।
মূল ছবিটি পরিচালনা করেছিলেন সুভাষ ঘাই। সেই ছবিতে জ্যাকি শ্রফ অভিনয় করেছিলেন সৎ ও নীতিবান পুলিশ অফিসার রাম চরিত্রে। অন্যদিকে সঞ্জয় দত্তের বল্লু চরিত্রটি হয়ে উঠেছিল বলিউডের অন্যতম আইকনিক খলনায়ক। তাদের দ্বৈরথই ছবির বড় শক্তি ছিল এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য এনে দিয়েছিল।
নতুন প্রজেক্ট ‘খলনায়ক রিটার্নস’-এও এই দুই চরিত্রকে কেন্দ্র করেই গল্প এগোবে বলে জানা যাচ্ছে। তবে এবারের গল্পে রাম ও বল্লুর বয়সও বেশি। নির্মাতারা আধুনিক প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে চিত্রনাট্য তৈরি করছেন। একই সঙ্গে চরিত্রগুলোর পুরনো সম্পর্ক, টানাপড়েন এবং দ্বন্দ্বও বজায় থাকবে।
জ্যাকি শ্রফ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করা তার জন্য সবস ময়ই বিশেষ অভিজ্ঞতা। তিনি এই পুনর্মিলনকে শুধুই একটি সিক্যুয়েল নয়, বরং নস্টালজিয়ার বড় প্রত্যাবর্তন হিসেবে দেখছেন।
তবে ‘খলনায়ক’-এর আরেক গুরুত্বপূর্ণ চরিত্র গঙ্গা, অর্থাৎ মাধুরী দীক্ষিত এই সিক্যুয়েলে থাকবেন কিনা, তা এখনো নিশ্চিত করেননি নির্মাতারা। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কৌতূহল আরো বেড়েছে।
সিনেমার জুটি হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি এক সময় সঞ্জয়-মাধুরীর প্রেম বলিউডে বেশ চর্চিত বিষয় ছিল।
সব মিলিয়ে ‘খলনায়ক রিটার্নস’ ঘিরে বলিউড ভক্তদের মাঝে নস্টালজিয়া ও প্রত্যাশার মিশ্র আবহ তৈরি হয়েছে। পুরোনো ম্যাজিক নতুন সময়ের প্রেক্ষাপটে কতটা সফলভাবে ফিরতে পারে, সেটাই এখন দেখার বিষয়।