হাতেগোনা আর মাত্র কয়েকদিন পরই ভালোবাসা দিবস। এ দিবসকে কেন্দ্র করে দেশের নাট্যঅঙ্গনে চলছে ব্যস্ততা। ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনে আসছে তিনটি নতুন নাটক। এগুলোয় অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তিন জুটি। সব নাটকেই থাকছে মিষ্টি প্রেমের গল্প।
রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ব্লগার মিতু’ নাটকে আছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল। এতে মিতু চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। হাসিব হোসেন রাখির পরিচালনায় ‘মন দুয়ারে’ নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। সাজ্জাদ হোসাইন বাপ্পীর পরিচালনায় ‘তুমিহীনা’ নাটকে থাকছেন খায়রুল বাসার ও সাবিলা নূর।
‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনের নাটক তিনটি প্রযোজনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘প্রতি বছর ‘‘ক্লোজআপ কাছে আসার গল্প’’ শীর্ষক আয়োজনে প্রেমের একাধিক নাটক তৈরি হয়। এবার থাকছে ‘‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’’। আশা করি, দর্শকের ভালোবাসায় ভরিয়ে দেবে নাটক তিনটি।’
১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ‘ব্লগার মিতু’, ‘মন দুয়ারে’ ও ‘তুমিহীনা’ নাটক তিনটি প্রকাশ পাবে।