আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হয়। নারী দিবস উপলক্ষে প্রতি বছর সাংসৃ্কতিক অঙ্গনেও চলে নানা প্রস্তুতি। বিশেষ এ দিনটিকে ঘিরে নির্মাণ করা হয় বিশেষ বিশেষ অনুষ্ঠান। আয়োজন করা হয় বিভিন্ন উৎসব ও আলোচনা অনুষ্ঠানেরও। নারী দিবসকে কেন্দ্র করে কিছু অনুষ্ঠান নিয়ে টকিজের আজকের আয়োজন—
চলচ্চিত্র উৎসব
মুজিব শতবর্ষ ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের আয়োজনে ও জয়িতা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় রাজধানীতে চলছে তিন দিনব্যাপী ‘জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১’। উৎসবটি শুরু হয়েছে ৬ মার্চ। তিন দিনব্যাপী উৎসবজুড়ে প্রদর্শিত হচ্ছে ছয় নারী নির্মাতার পূর্ণ্যদৈঘ্য চলচ্চিত্র।
এস স কমিউনিকেশনের পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় এ উৎসবে প্রদর্শিত হচ্ছে কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, সামিয়া জামানের ‘রানী কুঠির বাকি ইতিহাস’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ ও নানজিবা খানের ‘দি আনওয়ান্টেড টুইন।’ জয়িতা চলচ্চিত্র উৎসবটি প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে উৎসর্গ করা হয়েছে। আজ উৎসবের শেষ দিন। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসবটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
শোনো পৃথিবী শোনো
নারী দিবসে নানাভাবে নারীদের শ্রদ্ধা জানানো হয়। সংগীত তার মধ্যে অন্যতম। বিশেষ এ দিনটির কথা মাথায় রেখে সংগীতশিল্পীরা নতুন গান রচনা করেন। এরই ধারাবাহিকতায় সংগীতশিল্পী অধরা জাহান একটি গান রচনা করেছেন। ‘শোনো পৃথিবী শোনো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন একঝাঁক শিল্পী। গানটির সুর করেছেন আরেক সংগীতশিল্পী আলম আরা মিনু। সংগীতায়োজন মানাম আহমেদের। এতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, আঁখি আলমগীর, রিজিয়া পারভীন, কনা, ন্যানসি, নিশীতা বড়ুয়া, অবন্তী সিঁথি ও আলম আরা মিনু। গানটিতে কবিতা আবৃত্তি করেছেন বুলবুল মহলানবিশ, অরপা ও অধরা জাহান। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দীপু হাজরা। আর গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী। আজ আরটিভিতে গানটির প্রচার শুরু হবে। সংগীতশিল্পী অধরা জাহানের নিজস্ব ইউটিউব চ্যানেল অধরা’র ক্রিয়েশনে গানটি প্রকাশিত হবে।
‘মর্যাদায় গড়ি সমতা’
নারী দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘মর্যাদায় গড়ি সমতা’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শাহানা হুদা রঞ্জনা। অনুষ্ঠানটির মূল বিষয় পরিবারে মায়ের কাজের মর্যাদা। শিশুদের সঙ্গে গল্প ও খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে একজন নারী কত ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন। মাকেই এখানে নারীদের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের আগ্রহ ও সহযোগিতায় নির্মিত ‘মর্যাদায় গড়ি সমতা’
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শিশু নাওফাত ইউসুফ ইউশা, স্পন্দন সাবাব বিন মাহ্দী, সুকন্যা প্রাচী; মা রিসালাত রহমান, ফারহা জামান, ফারহানা হাফিজ ও বাবা আনিসুল হক, মারুফ কবির, আদিল খান।
জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার পরিচালিত নারী দিবসের বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ বিকাল ৫টায়।
উন্নয়নে নারী
নারী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ টকশো ‘উন্নয়নে নারী’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ বিনির্মাণে নারীর ভূমিকা, অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে এ অনুষ্ঠানে। এতে আলোচক হিসেবে থাকবেন কামরুন নাহার, সদস্য নারী পক্ষ, সেলিমা আহমাদ এমপি, রুবাবা দৌলা কান্ট্রি হেড, ওরাকল, রোকেয়া প্রাচী অভিনেত্রী ও নির্মাতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নবনীতা চৌধুরী। প্রযোজনা করেছেন মনিরুজ্জামান কবির। টকশোটি দীপ্ত টিভিতে আজ রাত ১১টায় প্রচারিত হবে।