জেমসের অন্যরকম ঈদ

বাংলা রক মিউজিকের জীবন্ত কিংবদন্তি মাহফুজ আনাম জেমস।

মঞ্চে গিটার হাতে ঝাঁকড়া চুলের এ ‘নগরবাউল’ যখন দাঁড়ান, তখন লাখো ভক্তের হৃদয়ে উন্মাদনা ছড়ায়। তবে কনসার্টের বাইরে নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে সবসময়ই প্রচারের আলো থেকে দূরে, এক রহস্যময় আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। তীব্র কৌতূহল থাকা সত্ত্বেও ভক্তরা খুব একটা সুযোগ পান না জেমসের ঘরোয়া জীবনের রূপ দেখার। তবে এবারের ঈদে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। জেমসের সাবেক স্ত্রী রথি কানিজের সৌজন্যে ভক্তরা দেখা পেলেন পর্দার পেছনের অন্য এক জেমসের, যা এ ঈদকে তার ভক্তদের কাছে অন্য রকম করে তুলেছে।

সম্প্রতি জেমসের সাবেক স্ত্রী রথি কানিজ ফেসবুকে কয়েকটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্থিরচিত্রগুলোয় দেখা গেছে, মঞ্চের সেই চিরচেনা রকস্টার জেমস এখন পুরোদস্তুর একজন স্নেহময় বাবা ও দায়িত্বশীল স্বামী। ভক্তদের সবচেয়ে বেশি নজর কেড়েছে জেমসের দুই সংসারের সন্তানদের একই ফ্রেমে কাছাকাছি আসার দৃশ্যটি।

একটি ছবিতে জেমস তার বড় মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানকে নিয়ে ফ্রেমে বন্দি হয়েছেন। বাবা ও বড় বোনের সান্নিধ্যে ছোট জিবরানের মুখের চওড়া হাসি নেটিজেনদের দারুণভাবে ছুঁয়ে গেছে। ছবিটির ক্যাপশনে রথি লিখেছেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে’। অন্য আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের পাশাপাশি জেমসের সঙ্গে দেখা গেছে তার বর্তমান স্ত্রী নামিয়াকে। জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুরের দেয়া তথ্যমতে, ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে পরিচয়ের পর ২০২৪ সালের জুনে নামিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস।

১৯৯১ সালে রথির সঙ্গে জেমসের বিয়ে হয়। ২০০৩ সালে বিচ্ছেদের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দুই পরিবারের এমন সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন ঈদের আনন্দকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। প্রিয় তারকাকে এভাবে ঘরোয়া পরিবেশে একই ফ্রেমে দুই সংসারের সন্তানের সঙ্গে হাসিমুখে দেখে ভক্তরা মন্তব্যের ঘরে ভালোবাসাই ছড়িয়েছেন।

জেমসের এ অন্য রকম পারিবারিক ঈদ কেবল তার ভক্তদেরই আনন্দ দেয়নি, বরং বিনোদন অঙ্গনেও এক সুন্দর ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও