প্রয়াত গুণী চলচ্চিত্র পরিচালক বাদল রহমান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ মুক্তি পেয়েছিল ১৯৮০ সালের ২৯ আগস্ট। এটি সে সময় বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। এমিলের গোয়েন্দা বাহিনী সিনেমাটি বাংলাদেশের সিনেমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের প্রথম শিশুতোষ সিনেমা ছিল এটি। ১৯২৯ সালে জার্মান লেখক এরিখ কাস্টনার রচিত এমিলের গোয়েন্দা দল নামক কিশোর গোয়েন্দা উপন্যাসের আলোকে এটি নির্মিত হয়েছিল। এবার এ সিনেমার গল্প নিয়েই একটি টিভি চ্যানেলের জন্য কৌশিক শঙ্কর দাস নির্মাণ করছেন ৩০ পর্বের ধারাবাহিক নাটক ‘এমিল ও তার গোয়েন্দারা’।
কিশোর এমিল মায়ের সঙ্গে চট্টগ্রামে বাস করে। স্কুলের ছুটিতে সে ঢাকায় তার খালার বাসায় বেড়াতে আসে। দীর্ঘ ট্রেন যাত্রায় তার সঙ্গী হয় আলী ইমরান নামক এক ভদ্রলোক। নানা আলাপচারিতার মাঝে এমিল একসময় ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে সে আবিষ্কার করে তার টাকা হারিয়ে গেছে। আলী ইমরানকে সন্দেহ করে সে টাকা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। এ নিয়েই এগিয়ে যায় নাটকটির গল্প।
এ ধারাবাহিকে এমিলের মায়ের চরিত্রে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী ফারজানা চুমকি। আলী ইমরান চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া আছেন দিলারা জামান, বিজরী বরকতুল্লাহ, প্রিয়ন্তী উর্বি প্রমুখ। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে ইশরাক তূর্য, মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি, সাহির আমান চৌধুরী, মায়মুনা ইসলাম মেধা ও ওয়াজিহা বিনতে ওয়াজেদ জয়ী।
দুরন্ত টিভিতে এমিল ও তার গোয়েন্দারা নাটকটির প্রচার শুরু হবে আগামীকাল থেকে প্রতিদিন বেলা ১টায় ও রাত ৮টা ৩০ মিনিটে।