নতুন দুই সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন মন্দিরা

নতুন কাজের প্রস্তুতি সম্পর্কে মন্দিরা বলেন, ‘আপাতত শুটিংয়ের ব্যস্ততা নেই। নিজেকে প্রস্তুত করার ব্যস্ততা রয়েছে। হাতে দুটি সিনেমা। একটির শুটিং চলতি বছর শুরু হবে।

‘কাজল রেখা’ ও ‘নীলচক্র’ সিনেমায় অভিনয়ের পর নতুন দুটি সিনেমা নিয়ে এগোচ্ছেন মন্দিরা চক্রবর্তী। প্রায় বছরখানেক ধরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে এ সময়েও অভিনয় থেকে দূরে নেই তিনি, বরং সময়টাকে কাজে লাগাচ্ছেন নিজেকে আরো প্রস্তুত করে তুলতে। হাতে থাকা দুটি সিনেমার একটি চলতি বছরই শুটিংয়ে যাওয়ার কথা। অন্যটির কাজ শুরু হবে আগামী বছর।

নতুন কাজের প্রস্তুতি সম্পর্কে মন্দিরা বলেন, ‘আপাতত শুটিংয়ের ব্যস্ততা নেই। নিজেকে প্রস্তুত করার ব্যস্ততা রয়েছে। হাতে দুটি সিনেমা। একটির শুটিং চলতি বছর শুরু হবে। রিহার্সাল চলছে। নিজেকে প্রস্তুত করছি। আরেকটির কাজ একটু দেরিতে শুরু হবে। আগামী বছর হওয়ার কথা।’

নতুন দুটি সিনেমা নিয়ে আপাতত বিস্তারিত জানাতে চাইছেন না মন্দিরা। সিনেমার নাম, চরিত্র কিংবা গল্প—কোনোটিই এখন প্রকাশ করছেন না তিনি। আনুষ্ঠানিক ঘোষণার আগে এসব বিষয়ে কথা বলতে নিষেধ আছে বলেই জানান অভিনেত্রী। ফলে নতুন কাজের বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

অভিনয়ের প্রস্তুতিতে এবার নিয়মিত ওয়ার্কশপও করছেন মন্দিরা। রিহার্সালের পাশাপাশি প্রতি মাসে অভিনয়ের ক্লাস করছেন তিনি। মন্দিরা বলেন, ‘আমি নিয়মিত অভিনয়ের ওপর ওয়ার্কশপ করি। আগে করতাম না। এখন প্রতি মাসেই ক্লাস করছি।’

কাজের বাইরে নিজের জন্যও সময় রাখার চেষ্টা করেন মন্দিরা। শুটিং না থাকলে বাসায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বই পড়ার অভ্যাসও তার পুরনো। অবসরে গল্পের বই পড়ার মধ্য দিয়ে নিজের মতো করে সময় কাটান। নিজের জন্য সময় রাখার বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘নিজেকে অনেক সময় দিই। বাসায় থাকতে পছন্দ করি। অনেক গল্পের বই পড়ি।’

এদিকে দুর্গাপূজা সামনে এলেও এখনো এ নিয়ে কোনো পরিকল্পনা করেননি মন্দিরা। শেষ মুহূর্তে পরিকল্পনা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তাই উৎসবের আয়োজন নিয়ে এখনই ভাবছেন না। আপাতত তার মনোযোগ নতুন দুই সিনেমার চরিত্র, রিহার্সাল ও অভিনয়ের প্রস্তুতিতে।

আরও