নিজেকে নতুনভাবে আবিষ্কার করাই আমার লক্ষ্য

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে দর্শকের হৃদয়ে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে দর্শকের হৃদয়ে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। নাটক থেকে শুরু করে নানামাত্রিক গল্পে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ২০২৫ সাল ছিল তার জন্য ব্যস্ততা ও সাফল্যের বছর। বছরজুড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন, বলাই যায় গত বছর ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়।

নতুন বছরে তানিয়া বৃষ্টি আরো বড় পরিসরে, নতুন চ্যালেঞ্জ নিয়ে দর্শকের কাছে পৌঁছতে চান। নতুন বছরের জন্য অপেক্ষা করছে বড় পর্দার নতুন অভিজ্ঞতা। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ট্রাইব্যুনাল-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নতুনভাবে হাজির হতে যাচ্ছেন তিনি। এ সিনেমাকে ঘিরে তানিয়া বৃষ্টির মধ্যে রয়েছে আলাদা এক রোমাঞ্চ ও প্রত্যাশা।

তিনি বলেন, ‘‌নতুন বছরে আমি চাই নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজেকে ভাঙতে। এমন চরিত্রে কাজ করতে চাই, যেখানে দর্শক আমাকে আগে কখনো দেখেনি। নতুন বছরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করাই আমার প্রধান লক্ষ্য।’

নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে তিনি সবসময় ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের দিকে বেশি গুরুত্ব দিতে চান। গল্পের গভীরতা ও চরিত্রের ভিন্নতা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন গল্পে কাজ করতে তিনি আগ্রহী, যেখানে অভিনয়ের নতুন দিকগুলো তুলে ধরার সুযোগ থাকে। নতুন বছরে সে লক্ষ্য নিয়ে তিনি একের পর এক নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘‌দর্শকের ভালোবাসা, সাপোর্ট আর বিশ্বাস ছাড়া আজকের অবস্থানে পৌঁছনো সম্ভব হতো না। দীর্ঘদিন ধরে তারা যেভাবে আমার পাশে আছে, সেটাই আমাকে বারবার নতুন করে কাজ করার অনুপ্রেরণা দেয়।’ দর্শকের প্রতি এ কৃতজ্ঞতার জায়গা থেকেই তিনি নতুন বছরে ট্রাইব্যুনাল নিয়ে আসছেন।

নাটকে যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন, বড় পর্দায়ও ঠিক তেমনই সমর্থন পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। তার বিশ্বাস, ট্রাইব্যুনাল-এর মাধ্যমে দর্শক তাকে একেবারে নতুন রূপে আবিষ্কার করবে।

ইন্ডাস্ট্রি নিয়ে প্রত্যাশার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‌গত কয়েক বছরে ইন্ডাস্ট্রিতে যেভাবে ভালো কাজ হয়েছে, নতুন বছরেও সে ধারাবাহিকতা যেন বজায় থাকে। ভালো গল্প, মানসম্মত নির্মাণ আর সৎ প্রচেষ্টার মাধ্যমেই ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যাবে।’ চলতি বছর তার জন্য যেমন নতুন চ্যালেঞ্জের, তেমনি নতুন সাফল্যের বছর হয়ে উঠবে—এমনটাই আশা তানিয়া বৃষ্টির।

আরও