দুয়া লিপা ও ক্যালাম টার্নার এখন বিবাহিত। ৩০ বছর বয়সী ব্রিটিশ গায়িকা-গীতিকার এবং ৩৬ বছর বয়সী অভিনেতা গতকাল লন্ডনের ওল্ড মেরিলিবোন টাউন হলে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অনুষ্ঠানের অতিথি তালিকা দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুদের মধ্যে সীমিত ছিল।
বিয়ের অনুষ্ঠানে দুয়া লিপা পরেছিলেন ড্যানিয়েল রোজবেরির ডিজাইন করা শিয়াপারেলি কউচার স্যুট-ড্রেস। এর সঙ্গে মিলিয়ে পরেছিলেন ম্যাচিং গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবুতাঁ জুতা এবং স্টিফেন জোন্সের তৈরি একটি বড় সাদা হ্যাট।
দুয়াকে ক্যালাম টার্নারের হাত ধরে হাঁটতে দেখা যায়। টার্নার পরেছিলেন নেভি রঙের স্যুট ও টাই।
লিপা ও টার্নার—দুজনই এখনো বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
তবে ডেইলি মেইল ও দ্য সানে প্রকাশিত ছবিগুলোয় তাদের অন্তরঙ্গ উদযাপনের মুহূর্তগুলো ধরা পড়েছে।
সপ্তাহজুড়ে চলা গুঞ্জনের পর গত বছরের জুনে ব্রিটিশ ভোগ-কে দেয়া সাক্ষাৎকারে বাগদানের কথা নিশ্চিত করেছিলেন দুয়া লিপা।
তখন তিনি বলেছিলেন, ওয়ার্ল্ড ট্যুর শেষ করার পর তিনি বিয়ে করতে চান।
পিপল ম্যাগাজিন অনুযায়ী, দুয়া লিপা ও টার্নারের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৪ সালের জানুয়ারিতে। ওই সময় লন্ডনে মাস্টার্স অব দ্য এয়ার–এর আফটার-পার্টিতে একসঙ্গে উপস্থিত হন তারা।
এর পর একই বছরের জুলাইতে তারা তাদের সম্পর্ক ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। ২০২৫ সালে দুয়া বলেন, বাগদান তার জীবনে এক নতুন জগৎ খুলে দিয়েছে।