মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর চ্যানেল আইতে সম্প্রচারিত হবে ফরিদুর রেজা সাগরের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প অবলম্বনে নির্মিত ‘বাড়ি’ সিরিজের নতুন নাটক ‘ডাক্তার বাড়ি’। দুই দশকেরও বছরের বেশি সময় ধরে সিরিজটি দর্শকের মন জয় করে আসছে। ‘ডাক্তার বাড়ি’ নাটকটিও সেই ধারাবাহিকতার অংশ।
এ নাটকে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। দীর্ঘ সময় পর কোনো মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে তার একটি বিশেষ উপস্থিতি। গল্পে দেখা যাবে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গ্রামের একটি বাড়ি কীভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র মল্লিকা একজন ডাক্তার কন্যা। বাবাকে না জানিয়েই দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেন। এক সময় রাজাকাররা ডাক্তারকে হুমকি দেয় এবং বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে বলে। এতে প্রচন্ড ভয় পেলেও মল্লিকা তার বাবাকে আরেকটা দিন অপেক্ষা করার জন্য রাজি করেন।
নাটকে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, ডাক্তার বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া এবং আরেকটি চরিত্রে দেখা যাবে রিয়া মনিকে। নাটকের চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম, এবং পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
মহান বিজয় দিবসে, ১৬ ডিসেম্বর রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি সম্প্রচারিত হবে।