সুরেলা কণ্ঠের জাদু দিয়ে তিনি মোহিত করেন আমাদের। বাংলাদেশের চলচ্চিত্রের প্লেব্যাকের নারী শিল্পীর কথা এলেই সাবিনা ইয়াসমিনের নাম আগে আসে। কেননা বহু গানে কণ্ঠ দিয়েছেন তিনি, কণ্ঠ দিয়েছেন কয়েকটি প্রজন্মের অভিনেত্রীদের লিপে। কবরী থেকে শুরু করে হালের বুবলি, অপু বিশ্বাসসহ আরো অনেকের কণ্ঠ হয়েছেন সাবিনা ইয়াসমিন। তার গানের মধ্যে বৈচিত্র্যও বিপুল। রোমান্টিক গান গেয়েছেন, দেশের গান গেয়েছেন, আছে অন্যান্য ধারার গানও। দুই দফা ক্যান্সারকে জয় করে তিনি ফিরেছেন গানের জগতে। সবকিছু মিলিয়ে বাংলা গানের জগতে তিনি বিস্ময়। তাকে নিয়ে চ্যানেল আইয়ে আসছে একটি অনুষ্ঠান—শুধু গান গেয়ে পরিচয়। এ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের শিল্পী হয়ে ওঠার যাত্রা জানা যাবে। সঙ্গে থাকছে তার ছেলেবেলা, বাবা-মায়ের গল্পসহ আরো অনেক বিষয়। চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান উপস্থাপনা করছেন অনুষ্ঠানটি। আজ রাত ১০টা ২০ মিনিটে এবং আগামীকাল বিকাল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’।