তামিল ইন্ডাস্ট্রিতে এ বছরের সম্ভাব্য সেরা সিনেমা

ভারতীয় সিনেমার ক্ষেত্রে তামিলনাড়ুর স্বাতন্ত্র্য রয়েছে। তামিল সিনেমায় নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। এর বাইরে দর্শক-পছন্দ ও নির্মাণে তৈরি হয়েছে এর নিজস্ব ধারা।

ভারতীয় সিনেমার ক্ষেত্রে তামিলনাড়ুর স্বাতন্ত্র্য রয়েছে। তামিল সিনেমায় নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। এর বাইরে দর্শক-পছন্দ ও নির্মাণে তৈরি হয়েছে এর নিজস্ব ধারা। সময়ের সঙ্গে তাল মেলানোয়ও তামিল নির্মাতা ও কলাকুশলীদের জুড়ি নেই। সে কারণেই ডিজিটাল যুগেও পিছিয়ে নেই তামিলনাড়ু। থিয়েটার থেকে ওটিটি, সবখানেই দারুণ পারফর্ম করছে তামিল সিনেমা। গত বছরটিও এর ভালো কেটেছে। এসেছে মণি রত্নমের পোনিয়িন সেলভানের মতো বিগ বাজেটের মহাকাব্যিক সিনেমা। দর্শক মাতানোর পাশাপাশি দারুণ ব্যবসা করেছে কমল হাসানের ‘‌বিক্রম’। বিগ বাজেটের বাইরে ছোট পরিসর ও ‘‌ফিল গুড’ ধারার সিনেমা হয়েও শতকোটি রুপির ব্যবসা পেয়েছে ধানুশ অভিনীত ‘‌থিরুচিত্রাম্বালাম’। সে ধারায় এ বছরও তামিল ইন্ডাস্ট্রি নিয়ে আসছে দারুণ কিছু সিনেমা। দর্শক পছন্দ হওয়ার পাশাপাশি সিনেমাগুলো হতে পারে বক্স অফিসের সেরা।

শুরুটা হবে থালাপাতি বিজয়ের ‘‌ভারিসু’ দিয়ে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মানদানা। ভামসি পাইদপল্লি পরিচালিত সিনেমাটি ১২ জানুয়ারি মুক্তি পাবে। পরিবার নিয়ে দেখার মতো বিনোদনমূলক এ সিনেমা নিয়ে সবার আগ্রহ রয়েছে। খুব বেশি মুনাফা করতে না পারলেও সিনেমাটি ভালো করবে বলে আশা করা যাচ্ছে। পোঙ্গাল (তামিলনাড়ুর ফসল তোলার উৎসব) মৌসুমে বিজয়ের সঙ্গে টক্কর দেবেন অজিত কুমার। অ্যাকশন সিনেমার জন্য জনপ্রিয় এ নায়কের ‘‌থুনিভু’ মুক্তি পাবে একই দিনে। এইচ ভিনোথ পরিচালিত সিনেমাটির ট্রেলার মুক্তির পর পরই ইউটিউবে দর্শকের তুমুল আগ্রহ দেখা গেছে সিনেমাটি নিয়ে।

২০২২ সালে তামিলের সেরা হিট ছিল মণি রত্নমের পোনিয়িন সেলভান। কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। পাঁচ খণ্ডের উপন্যাস থেকে দুই পর্বের সিনেমা নির্মাণ করেছেন মণি। দ্বিতীয় পর্বটি মুক্তি পাচ্ছে এ বছর। বিক্রম, জয়ম রবি, ঐশ্বরিয়া রাই, ঐশ্বরিয়া লক্ষ্মী, কার্থি ও তৃষা কৃষ্ণান অভিনীত সিনেমাটি বক্স অফিসের অন্যতম সেরা সিনেমা হয়েছিল ২০২২ সালে। সে ধারা বজায় রাখতে দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২৮ এপ্রিল।

এস শঙ্কর আবার ফিরবেন তার কাল্ট ক্ল্যাসিক ইন্ডিয়ান সিনেমার সিকুয়াল নিয়ে। কমল হাসানের বিক্রম গত বছর ৪০০ কোটি রুপি আয় করেছিল। এবার তিনি ফিরবেন ১৯৯৬ সালে তারই করা ‘‌ইন্ডিয়ান’-এর পরবর্তী গল্পে। সিনেমাটি শঙ্করকে নতুন করে ফেরাবে আশা করা যায়। কেননা, চার বছরে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। 

গত বছর রজনীকান্তকে পাননি দর্শক ও বক্স অফিস। এবার নেলসন দিলীপকুমারের ‘‌জেলার’ দিয়ে ফিরছেন তিনি। সিনেমাটি নেলসনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ গত বছর বিজয়কে নিয়ে নির্মিত ‘‌বিস্ট’ বক্স অফিসে যথেষ্ট সাড়া ফেলতে পারেনি। তবে আশা করা যায় রজনীকান্ত দর্শক মাতাবেন। তার জন্য দর্শক যতটা অপেক্ষা করছে, ততটাই করছে সুরিয়ার জন্য। তার এবারের সিনেমার নামও সুরিয়া ফরটি টু। ধারণা করা হচ্ছে, তামিল সিনেমায় সিজিআই-ভিত্তিক আরেকটি দারুণ কাজ হতে যাচ্ছে শিব নির্মিত এ সিনেমা। মুক্তির তারিখ এখনো জানানো হয়নি। বছর শেষ করবেন ধানুশ তার ‘‌ক্যাপ্টেন মিলার’ দিয়ে। অরুণ মহেশ্বরের সিনেমাটিকে ‘‌হিস্টোরিক্যাল ড্রামা’ বলা হচ্ছে। নির্দিষ্ট তারিখ দেয়া না হলেও সিনেমাটি বছরের শেষে মুক্তি পাবে এবং ধানুশ মানেই চমৎকার কিছু। এবারো দর্শকের তাই আশা।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও