কণার নতুন গান ‘‌মন দাও’

এবার শ্রোতাদের সামনে নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী কণা।

রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার গাওয়া গান ‘মন দাও’-এর ভিডিও। এতে কণার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সজীব দাস, যিনি একই সঙ্গে সামলেছেন গানের সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও। গানের কথা লিখেছেন এমডি জামাল হোসেন। ভিডিও চিত্রের নির্মাতা সৈকত রেজা, এতে মডেল হয়েছেন অলংকর চৌধুরী।

গান প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কণা বলেন, ‘খুবই মিষ্টি একটা গান। শ্রোতারা গানটি শুনছেন। ভালো সাড়াও পাচ্ছি। সজীবের সুরে আগেও গান করেছি। গীতিকার জামাল ভাই দারুণ লিখেছেন। ভিডিওটাও বেশ ভালো হয়েছে।’

তার মতে, গানের কথা, সুর ও উপস্থাপনা এ তিনের মিশেলই গানটিকে শ্রোতাপ্রিয় করে তুলবে। মন দাও এরই মধ্যে সংগীতপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন কণা। চলচ্চিত্র, অডিও অ্যালবাম কিংবা একক গান সব মাধ্যমেই তার স্বতন্ত্র কণ্ঠ শ্রোতাদের কাছে তাকে পরিচিত করে তুলেছে। সে তালিকায় নতুন সংযোজন হলো মন দাও। নির্মাতারা আশা করছেন, মিষ্টি কথা, সুর ও মনোরম ভিডিও চিত্রের মিশেলে গানটি দর্শক-শ্রোতার মন জয় করবে।

আরও