ঢাবিতে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শুরু আজ

আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ। বিকাল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে উৎসবের ১৫তম আসরের।

আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ। বিকাল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে উৎসবের ১৫তম আসরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসব বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে। এবারের আসরে সহযোগিতা করেছেন রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস ও বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। এ বছর আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও রয়েছে দিনব্যাপী আর্ট ক্যাম্প, প্রকাশনা প্রদর্শনী ও প্যানেল আলোচনা। সবগুলো প্রদর্শনী সম্পূর্ণ বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত। ৩০ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। 

বিশ্ববিদ্যালয়গামী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের প্রতিভা প্রদর্শনে একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ প্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৭ সাল থেকে প্রতি বছর এ উৎসবের আয়োজন করে এসেছে। এক যুগের বেশি সময় ধরে আয়োজিত এ উৎসবের এবারের আসরে ৯৬টির বেশি দেশ থেকে প্রায় ১ হাজার ৬৭১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। নির্বাচিত সেরা ২০০টি চলচ্চিত্র প্রদর্শন হবে নভেম্বরজুড়ে দেশের ১০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

আরও