এক সময়ের বাংলা পপ ও ব্যান্ড সংগীতের পরিচিত নাম আরমান খান। জনপ্রিয় অসংখ্য কালজয়ী গান আর হাজারো নাটকের আবহসংগীতের নেপথ্য কারিগর ছিলেন তিনি। দীর্ঘ সময় নতুন গান থেকে আড়ালে থাকার পর, অবশেষে এক অন্য রকম প্রত্যাবর্তন করছেন এ সুরস্রষ্টা। আসন্ন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে রাঙিয়ে দিতে তার কথা, সুর ও সংগীতায়োজনে আসছে নতুন গান ‘ফুটবল ফুটবল’। আগামী ১০ জুন ‘সংগীতা’-র ব্যানারে গানটির ভিডিও অবমুক্ত করা হবে।
এ গানের মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর আরমান খানের তৈরি কোনো গান প্রকাশ পাচ্ছে অন্য কোনো শিল্পীর কণ্ঠে। এতে কণ্ঠ দিয়েছেন ‘বিজয়’ ব্যান্ডের প্রধান ভোকাল বিজয় মামুন। দীর্ঘ এ বিরতির সময়ে আরমান খান যে ক’টি গান তৈরি করেছিলেন, তার প্রায় সবগুলোই গেয়েছিলেন নিজের কণ্ঠে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া গানটি নিয়ে ইতিমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে দারুণ কৌতূহল তৈরি হয়েছে।
কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খানের যোগ্য উত্তরসূরি আরমান খান বর্তমানে চাকরির সুবাদে শ্রীমঙ্গলে বসবাস করছেন। তবে সুরের মায়া তিনি কখনোই ত্যাগ করেননি। গত বছরের নভেম্বরে শ্রীমঙ্গলের ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট’-এ একটি অত্যাধুনিক স্টুডিও চালু হওয়ার পর, চাকরির পাশাপাশি অবসরে সেখানে আবার পুরোদমে গান তৈরির কাজ শুরু করেছেন তিনি।
নতুন গান ও নিজের ফেরা প্রসঙ্গে আরমান খান বলেন, ‘চাকরির ব্যস্ততার কারণে মাঝে অনেক শিল্পী গান চাইলেও সময়ের অভাবে দিতে পারিনি। এখন শ্রীমঙ্গলে স্টুডিও হওয়ায় নিয়মিত সময় দিচ্ছি। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মনে বাড়তি আনন্দের রং ছড়িয়ে দিতেই ‘ফুটবল ফুটবল’ গানটি তৈরি করা। আশা করছি, সামনে আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারব।’
প্রিয় সুরকারের গানে কণ্ঠ দিতে পেরে উচ্ছ্বসিত শিল্পী বিজয় মামুন বলেন, ‘আরমান ভাইয়ের সুরে জেমস, আইয়ুব বাচ্চু, হাসান ও বিপ্লব ভাইদের গান শুনে বড় হয়েছি। তাঁর সুরে গান গাওয়া আমার আজন্মের স্বপ্ন ছিল, যা এবার পূরণ হলো।’