বিতর্কে ‘পেডি’র গান, রামচরণের সঙ্গে জাহ্নবি-শ্রুতিও সমালোচিত

গানটিতে নাচের ভঙ্গিমা ও কোরিওগ্রাফি অত্যন্ত আবেদনময়ী ও নিম্নরুচির বলে অভিযোগ করেছেন দর্শকদের একাংশ। বিশেষ করে দুই অভিনেত্রীর শরীরী উপস্থাপন ও ক্যামেরায় তা তুলে ধরার ধরনকে ‘যৌনগন্ধী’ বলে আখ্যা দিয়েছেন অনেকে

রামচরণ অভিনীত আসন্ন ছবি ‘পেডি’র গান ‘হাল্লাল্লাল্লো’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। গানের নাচ, দৃশ্যায়ন ও ক্যামেরার ব্যবহার নিয়ে রামচরণের পাশাপাশি সমালোচনার মুখে পড়েছেন দুই অভিনেত্রী জাহ্নবি কাপুর ও শ্রুতি হাসান।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, গানটিতে নাচের ভঙ্গিমা ও কোরিওগ্রাফি অত্যন্ত আবেদনময়ী ও নিম্নরুচির বলে অভিযোগ করেছেন দর্শকদের একাংশ। বিশেষ করে দুই অভিনেত্রীর শরীরী উপস্থাপন ও ক্যামেরায় তা তুলে ধরার ধরনকে ‘যৌনগন্ধী’ বলে আখ্যা দিয়েছেন অনেকে।

সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করছেন, সাম্প্রতিক সময়ে তেলুগু সিনেমায় আইটেমধর্মী গান ও অতিরঞ্জিত নাচের প্রবণতা বেড়েই চলেছে।

সমালোচকদের একাংশের মতে, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বিপুল জনপ্রিয়তার পর থেকেই দক্ষিণী বাণিজ্যিক সিনেমায় এই ধরনের গানের ব্যবহার বেশি চোখে পড়ছে। তবে বিষয়টি নিয়ে বিভক্ত চলচ্চিত্র অঙ্গন। নির্মাতা ও সমর্থকদের একটি অংশ বলছেন, দর্শকের বিনোদনের চাহিদা মাথায় রেখেই এ ধরনের গান ও দৃশ্য নির্মাণ করা হয়। অন্যদিকে সমালোচকদের দাবি, গ্ল্যামার উপস্থাপন আর অশালীন দৃশ্যায়ন এক বিষয় নয়; নির্মাতাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

এদিকে ‘হাল্লাল্লাল্লো’ গানের কোরিওগ্রাফারকেও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ তার অতীতের যৌন হেনস্থার অভিযোগের প্রসঙ্গ টেনে সমালোচনা করছেন।

সম্প্রতি ‘পেড্ডি’র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে আরেকটি কারণে আলোচনায় আসেন রামচরণ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জাসপ্রিত বুমরাহ সম্পর্কে বলতে গিয়ে ক্রিকেট ও ফুটবল গুলিয়ে ফেলেন। পরে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রোলের মুখে পড়ে অভিনেতা এক্সে পোস্ট করে ভুল স্বীকার করেন এবং বুমরাহর কাছে ক্ষমাও চান।

এর আগে ‘কেডি: দ্য ডেভিল’ ছবির একটি গানে অশালীন শব্দ ও দৃশ্যায়নের অভিযোগে জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইতে হয়েছিল সঞ্জয় দত্ত ও নোরা ফতেহিকে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সমালোচনার কেন্দ্রে রামচরণের ‘পেড্ডি’ ছবির গান ‘হাল্লাল্লাল্লো’।

আরও