লস অ্যাঞ্জেলেসে ‘দিলজিৎ দোসাঞ্জ ডে’

ভারতের পাঞ্জাব থেকে উঠে আসা দিলজিৎ গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় পাঞ্জাবি শিল্পীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার শিল্পীসত্তাকে সম্মান জানিয়ে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল তার নামে একটি পুরো দিন উৎসর্গ করেছে

সাফল্যের মুকুটে আরো একটি পালক যোগ করলেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এবার তার নামে একটি বিশেষ দিন ঘোষণা করা হয়েছে। আর সেটি ভারতে নয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল ২০২৭ সালের ৬ জানুয়ারিকে আনুষ্ঠানিকভাবে ‘দিলজিৎ দোসাঞ্জ ডে’ হিসেবে ঘোষণা করেছে। সংগীত জগতে তার অসামান্য অবদান এবং মূলধারার মার্কিন বিনোদন জগতে পাঞ্জাবি সংস্কৃতিকে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয়েছে।

ভারতের পাঞ্জাব থেকে উঠে আসা দিলজিৎ গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় পাঞ্জাবি শিল্পীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার শিল্পীসত্তাকে সম্মান জানিয়ে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল তার নামে একটি পুরো দিন উৎসর্গ করেছে।

এ স্বীকৃতিকে আরো বিশেষ করে তুলেছে আরেকটি বিষয়—দিনটি তার জন্মদিন, অর্থাৎ ৬ জানুয়ারি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন দিলজিৎ। তাকে লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলওম্যান মনিকা রদ্রিগেজের সঙ্গে দেখা যায়। ভিডিওতে মনিকা তাকে এ সম্মাননার কথা জানান। খবরটি শুনে দিলজিৎ বলেন, তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন।

ভিডিওটি শেয়ার করে দিলজিৎ ক্যাপশনে লেখেন, ‘লস অ্যাঞ্জেলেসে দিলজিৎ দোসাঞ্জ ডে।’ তিনি আরো লেখেন, ‘লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল আনুষ্ঠানিকভাবে একটি নাগরিক প্রস্তাব গ্রহণ করেছে, যার মাধ্যমে ২০২৭ সালের ৬ জানুয়ারিকে দিলজিৎ দোসাঞ্জ ডে হিসেবে ঘোষণা করা হয়েছে।’

সম্মাননাপত্রে দিলজিৎকে পাঞ্জাবি ও দক্ষিণ এশীয় সংগীতশিল্পের একজন পথিকৃৎ শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি ঐতিহ্যবাহী পাঞ্জাবি সংগীতকে আধুনিক হিপ-হপ, পপ এবং বৈশ্বিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে স্থায়ী প্রভাব রেখেছেন।’

আগামী ১৮ জুন, ২০২৬-এ লস অ্যাঞ্জেলেসে তার এরিনা ওয়ার্ল্ড ট্যুর-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার আগে এ সম্মাননা প্রদান করা হলো।

সূত্র: ইয়ন

আরও