বাজেটের প্রায় দ্বিগুণ অংকে সিনেমাটি কিনতে চেয়েছিল স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। কিন্তু প্রেক্ষাগৃহের দর্শকদেরই পক্ষে রায় দিলেন নির্মাতা। বলা যায়, দর্শকরা তাদের ঠকাননি। কারণ প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে বাজেটের কাছাকাছি অর্থ তুলে নিয়েছে মার্গো রবি ও জেকব এলর্দি অভিনীত রোমান্টিক ড্রামা ‘ওয়েদারিং হাইটস’। খবর ভ্যারাইটি।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আর-রেটেড ‘ওয়েদারিং হাইটস’। শুরুতেই সিনেমাটি বক্স অফিস জমিয়ে দিয়েছে। প্রথম সপ্তাহান্ত অর্থাৎ মুক্তির তিন দিনে উত্তর আমেরিকায় আয় করেছে ৩ কোটি ৪৮ লাখ ডলার।
গতকাল যুক্তরাষ্ট্রে ছিল প্রেসিডেন্টস ডের ছুটি। ধারণা করা হচ্ছে, এদিন আয় ৪ কোটি ডলারে ছাড়াতে পারে। এছাড়া আন্তর্জাতিক বাজারে ৭৬টি অঞ্চলে ৪ কোটি ২০ লাখ আয়ের মাধ্যমে বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ ডলার।
অবশ্য স্থানীয় বাজারের এ আয় প্রত্যাশার তুলনায় কিছুটা কম। তবে আন্তর্জাতিক বাজার চাঙ্গা হওয়ায় ধারণা করা হচ্ছে, ৮ কোটি ডলার বাজেটের সিনেমাটি অচিরেই ব্যবসাসফলের মর্যাদা পাবে।
এমিলি ব্রান্টের ক্লাসিক উপন্যাস অবলম্বনে ‘ওয়েদারিং হাইটস’-এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন এমারাল্ড ফেনেল। প্রমিজিং ইয়ং ওম্যান ও সল্টবার্নের পর এটি তার তৃতীয় চলচ্চিত্র।
‘ওয়েদারিং হাইটস’-এর জন্য নেটফ্লিক্স ১৫ কোটি ডলার প্রস্তাব করেছি। কিন্তু এমারাল্ড ফেনেল ও প্রযোজকরা থিয়েট্রিক্যাল রিলিজের ওপর ভরসা রেখেছেন।
বক্স অফিস ফলাফলে দেখা যাচ্ছে, প্রথম সপ্তাহে সিনেমাটি এক নম্বরে অবস্থান করছে। এর মাধ্যমে আ মাইনক্রাফট মুভি, সিনার্স, ফাইনাল ডেস্টিনেশন ব্ল্যাডলাইনস ও উইপনসের পর ওয়ার্নার ব্রসের নবম সিনেমা হিসেবে বক্স অফিসে এক নম্বর হিসেবে সূচনা করল ‘ওয়েদারিং হাইটস’।
সিনে-বাণিজ্যের বিশ্লেষক ডেভিড এ গ্রস বলেন, ‘থিয়েট্রিক্যাল রিলিজের সিদ্ধান্ত সঠিক ছিল। মার্গো রবি ও জেকব এলর্দির রসায়ন, ক্লাসিক গল্প ও রোমান্টিক মুহূর্তগুলো বিশ্বব্যাপী সিনেমাটির ব্যবসা ধরে রাখবে।’
অন্যদিকে নতুন মুক্তি পাওয়া হলিউড সিনেমার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যানিমেটেড স্পোর্টস অ্যাডভেঞ্চার ‘জিওএটি’র চারদিনের আয় ধরা হচ্ছে ৪ কোটি ৭৬ লাখ ডলার। ‘ক্রাইম ১০১’-এর আয় ২ কোটি ৮৭ লাখ ডলার।